
ময়মনসিংহ নগরের ব্রহ্মপুত্র নদের জেলাখানার ঘাট এলাকা থেকে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর জোহাইদ জাহিন (১৮) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ সকাল পৌনে নয়টার দিকে ব্রহ্মপুত্র নদ থেকে লাশটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
জোহাইদ জাহিন ময়মনসিংহ নটর ডেম কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি ময়মনসিংহ নগরের আকুয়া নয়াপাড়া এলাকার বাসিন্দা রুহুল আমিনের ছেলে।
ময়মনসিংহ কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে জোহাইদ তাঁর বাবার সঙ্গে কলেজ বদলিজনিত কাজে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে যান। সেখানে কাজ সেরে দুপুর ১২টার দিকে জোহাইদ যান ব্রহ্মপুত্র নদের পাড়ে বেড়াতে। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে জোহাইদের মা মাসুদা সুলতানা ছেলের মুঠোফোন নম্বরে কল করেন। একপর্যায়ে নদের চরে কাজ করতে থাকা একজন শ্রমিক কলটি ধরে জানান, নদের পারে মুঠোফোন, চশমা আর ঘড়ি পড়ে আছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গতকাল দুপুর থেকেই নিখোঁজ জোহাইদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে। পরে আজ সকালে নদ থেকে জোহাইদের লাশ উদ্ধার করে ডুবুরি দল।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, লাশ এখনো থানায় আছে। এ ঘটনায় ওই ছাত্রের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।