
‘মানুষ মানুষরে এত নির্মমভাবে মারতে পারে? আমি যদি কারও ঘরে গিয়ে একটা চা খাই আমি তাদের সন্তানকে হত্যা করতে পারব? আমি তার (প্রাইভেট শিক্ষক সাইদুল ইসলাম) মা-বাবাকে অনেক বলেছি। কিন্তু ছেলেকে তারা সামলাতে পারে নাই। আমার মাইয়ার হত্যাকারীর বিচার চাই।’
কথাগুলো বলছিলেন গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় নিহত কলেজছাত্রী রাবেয়া আক্তারের বাবা আবদুর রউফ। বিয়ে প্রস্তাব প্রত্যাখান করায় গত সোমবার সন্ধ্যায় প্রাইভেট শিক্ষক সাইদুল ইসলাম ঘরে প্রবেশ করে রাবেয়াকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যান বলে অভিযোগ পরিবারের। ঘটনার এক দিন পর গতকাল বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলে অভিযান চালিয়ে সাইদুলকে গ্রেপ্তার করেন র্যাবের সদস্যারা।
মেয়ের হত্যাকারীর বিচার দাবি করে আজ বৃহস্পতিবার সকালে আবদুর রউফ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘হে (সাইদুল) আমার বাড়িতে আইতো, আমার মাইয়াদের পড়াইতো। তারে আমার স্ত্রী ভালো চা-নাস্তাও খাওয়াইতো। হেরে শিক্ষক হিসেবে এবং হুজুর হিসেবে আমরা সম্মানও করতাম। হে আমার মাইয়ারে বিয়ে করতে চেয়েছে। কিন্তু আমারা সেখান থেকে পিছু হটে যাই। পিছু হটাতে হে আমাদের ওপর ক্ষিপ্ত হইতে থাকে।’
আবদুর রউফ বলেন, এর পর থেকে সাইদুল ইসলাম বিভিন্নস্থানে রাবেয়াকে আক্রমণ করতেন, বিরক্ত করতেন। মেয়ে অনেক কিছু তাঁদের বলতেন না। তাঁর চার মেয়ে। তিনি একাই কাজ করে সংসার চালান। সে সকালে বাড়ি থেকে বের হয়ে যেতেন, আবার রাতে আসতেন। অনেক কিছুর খবর তিনি জানতেন না।
ঘটনার দিনের বর্ণনা দিয়ে রাবেয়ার ছোট বোন হাবিবা আক্তার প্রথম আলোকে বলেন, সোমবার সন্ধ্যায় বড় বোন ও মা নিজ নিজ রুমে বসেছিলেন। ওই সময় সবার ঘরের দরজা খোলা ছিল। হঠাৎ প্রাইভেট শিক্ষক সাইদুল ইসলাম রাবেয়ার কক্ষে প্রবেশ করেন। পরে রাবেয়ার চিৎকার শুনে তাঁর ঘরে গিয়ে দেখেন, সাইদুল তাঁকে এলোপাতাড়ি কোপাচ্ছেন। এ সময় মা বাধা দিলে তাঁকেও এলোপাতাড়ি কোপান এবং তাঁদের ওপর আক্রমণ করেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে সাইদুল দৌড়ে পালিয়ে যান। রাবেয়াকে দ্রুত উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হামলার পর রাবেয়ার মা বিলকিছ বেগমকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। আবদুর রউফ জানান, আজ সকালে বিলকিছ বেগমকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হয়েছে। এখন তিনি আশঙ্কামুক্ত।
আবদুর রউফ জানান, তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা এলাকায়। তিনি দক্ষিণ সালনা এলাকায় জমি কিনে বাড়ি করেছেন। সেখানেই স্ত্রী, চার মেয়ে ও এক ছেলেকে নিয়ে বসবাস করেন। সবার বড় মেয়ে রাবেয়া গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষে লেখাপড়া করতেন। লেখাপড়ার পাশাপাশি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। তাঁর ছোট বোন জিন্নাত খাদিজা ও জান্নাতকে কোরআন শেখানোর জন্য সাইদুল ইসলামকে প্রাইভেট শিক্ষক হিসেবে রাখা হয়। সাইদুলের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছার মহেশতারা গ্রামে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, ওই ঘটনায় নিহত কলেজছাত্রীর পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা গত বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর এলাকা থেকে আসামি সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেন।