হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় দুমড়ে–মুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা (বায়ে) ও ট্রাক। রোববার দুপু‌রে উপজেলার বেজুরা সেতু এলাকায়
হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় দুমড়ে–মুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা (বায়ে) ও ট্রাক। রোববার দুপু‌রে উপজেলার বেজুরা সেতু এলাকায়

লরির সঙ্গে সংঘর্ষের পর অটোরিকশার ওপর আছড়ে পড়ল ট্রাক, দুজন নিহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলবাহী লরির সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশার ওপর আছড়ে পড়েছে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। আজ রোববার বেলা একটার দিকে উপজেলার বেজুরা সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট দেখা দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহত ব্যক্তিদের উদ্ধারের পাশাপাশি দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে আড়াই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা রিপন মিয়া (২৭) ও পশ্চিম মাধবপুর এলাকার আবুল খায়ের (৫০)। তাঁদের মধ্যে রিপন মিয়া ছিলেন ট্রাকে এবং আবুল খায়ের সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের বেজুরা সেতুর ওপর তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাশ দিয়ে যাওয়া একটি অটোরিকশার ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

খবর পেয়ে মাধবপুর থানা-পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তাঁরা দুর্ঘটনাকবলিত যানবাহনের ভেতর থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। পরে আইনগত প্রক্রিয়ার জন্য নিহত দুজনের লাশ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় এনে রাখা হয়।

মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক মিয়া জানান, লরি ও ট্রাকের মধ্যে সংঘর্ষের পর ট্রাকটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে গেলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, নিহত দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে।