
সিলেটের ওসমানীনগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার বুরুঙ্গাবাজার ইউনিয়নের কামারগাঁ গ্রামের মাহমুদ আলীর পুকুরে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো সুমায়েল আহমদ (৫) ও জাকিয়া সুলতানা (৫)। সুমায়েল কামারগাঁ গ্রামের ফাতির আহমদের ছেলে এবং জাকিয়া একই গ্রামের ফুসবা বেগমের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দুই শিশু পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাদের না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে দুই শিশুর লাশ পান। খবর পেয়ে ওসমানীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাঈন উদ্দিন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর হয়েছে। ধারণা করা হচ্ছে, দুপুরের খরতাপের কারণে তারা পুকুরের পানিতে নেমেছিল। লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।