খালাতো ভাইকে নিয়ে সিদ্দিকবাজারে গিয়েছিলেন মানসুর, দুজনই বাড়ি ফিরলেন লাশ হয়ে

মানসুর মিয়া ও তাঁর খালাতো ভাই মো. আল-আমিন
ছবি: সংগৃহীত

ঢাকার সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ব্যবসায়ী মানসুর মিয়া (২৫) ও তাঁর খালাতো ভাই কলেজছাত্র মো. আল-আমিনের (২৩) বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। আজ বুধবার সকালে গ্রামের বাড়িতে তাঁদের লাশ পৌঁছালে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। আজ সকাল ১০টায় পৃথক দুটি গ্রামে ওই দুই তরুণের দাফন সম্পন্ন হয়। স্বজন হারানোর বেদনায় দুই পরিবারের সদস্যদের মধ্যে চলছে শোকের মাতম।

পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিস্ফোরণে মারা যাওয়া মানসুর মিয়ার বাড়ি মতলব উত্তর উপজেলার ছেংগারচর এলাকায়। তিনি ওই এলাকার মোশারফ হোসেন মিয়াজীর ছেলে। মানসুর ঢাকার ফুলবাড়িয়া মার্কেটে মশারি ও লেপ-তোশকের ব্যবসা করতেন। ‘হাবিব বেডিং স্টোর’ নামে সেখানে তাঁর একটি দোকান আছে। চার ভাইয়ের মধ্যে মানসুর মেজ। এদিকে আল-আমিনের বাড়ি উপজেলার পশ্চিম লালপুর এলাকায়। ওই এলাকার মো. বিল্লাল হোসেন ব্যাপারীর বড় ছেলে তিনি। আল-আমিন ঢাকার মাহবুবুর রহমান মোল্লা কলেজের স্নাতকের শিক্ষার্থী। মানসুর ও আল-আমিন সম্পর্কে আপন খালাতো ভাই। তাঁরা দুজনই ঢাকায় থাকতেন।

তাঁদের স্বজন গোলাম হায়দার মোল্লা প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে ব্যবসার কাজে আল-আমিনকে সঙ্গে নিয়ে মানসুর সিদ্দিকবাজারে যান। এর কিছুক্ষণের মধ্যে সেখানে বিস্ফোরণ ঘটে। এতে তাঁরা দুজনই ঘটনাস্থলে প্রাণ হারান। গতকাল রাত ১০টার দিকে উদ্ধারকর্মীরা বিস্ফোরণস্থলের ধ্বংসস্তূপ থেকে তাঁদের দুজনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে রাখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন। আজ সকালে আল-আমিন ও মানসুরের লাশ তাঁরা গ্রামের বাড়িতে নিয়ে আসেন।

আজ বেলা ১১টার দিকে উপজেলার ছেংগারচর ও পশ্চিম লালপুর এলাকায় ওই দুজনের বাড়িতে দেখা যায়, সেখানে স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। স্বজনদের কান্না যেন থামছেই না। স্বজন ও আশপাশের লোকজনের আর্তনাদে সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। সবার চোখে-মুখে বেদনা ও কষ্টের ছাপ।  

আল-আমিনের বাবা মো. বিল্লাল হোসেন ব্যাপারী বলেন, ছেলেকে ঢাকায় পাঠিয়েছিলেন উচ্চশিক্ষার জন্য। তাঁকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। সে স্বপ্ন ও আশা মাটি হয়ে গেল। উচ্চশিক্ষার পরিবর্তে বাড়িতে ফিরল লাশ হয়ে। এ কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না।

মানসুর মিয়ার বাবা মোশারফ হোসেন মিয়াজী বলেন, তাঁর ছেলের আয়েই পরিবারের খরচ চলত। এখন সব শেষ। ছেলেকে হারিয়ে তিনি পাগলপ্রায়। ছেলে হারানোর এই কষ্ট ও শোক কীভাবে কাটিয়ে উঠবেন, তা শুধু আল্লাহ জানেন।

মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন বলেন, ওই দুই তরুণের লাশ আসার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। সুষ্ঠুভাবে দুই তরুণের লাশ দাফন করা হয়েছে।