
পানিতে ৭০টি আড়াই শ লিটারের ড্রামের ওপর ভাসছে ২২০ ফুট দীর্ঘ সেতুটি। আশপাশের পাঁচ গ্রামের মানুষের যোগাযোগ সহজ করেছে এটি। বেসরকারি সংস্থা সুন্দরবন কোয়ালিশনের অর্থায়নে কয়রার পাথরখালী মিলনী যুব সংঘের যুবকেরা প্লাস্টিকের ড্রামের ওপর কাঠ জোড়া লাগিয়ে সেতুটি নির্মাণ করেছেন। সেতুটি দেখতে প্রতিদিন এখানে অনেকে ভিড় করে। সেতুটি খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের পাথরখালী খালের ওপরে।
ভাসমান সেতুটির নির্মাণকাজ তত্ত্বাবধানের দায়িত্বে থাকা পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার বলেন, পাথরখালী খালপারের ৪০ জন যুবক মিলে গত ১৯ মার্চ ভাসমান সেতুটির নির্মাণকাজ শুরু করেন। ২ এপ্রিল দুপুরে নির্মাণকাজ শেষ হয়। তবে আনুষ্ঠানিকভাবে গতকাল মঙ্গলবার সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
অভিজিৎ মহলদার বলেন, ২২০ ফুট দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করতে ৭০টি আড়াই শ লিটারের প্লাস্টিকের ড্রাম, ১৩০ সিএফটি শিরীষ কাঠ, ৩০টি বাঁশ এবং ২০ কেজি পেরেক ব্যবহার করা হয়েছে। সেতুটির কাজ শেষ করতে ব্যয় হয়েছে দুই লাখ সাত হাজার টাকা।
সরেজমিনে দেখা গেছে, কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের ভেতর দিয়ে চার কিলোমিটার দীর্ঘ ও ২২০ মিটার চওড়া একটি খাল আছে, যেটি পাথরখালী খাল নামে পরিচিত। খালটির দুই পারে পাঁচটি গ্রাম। গ্রামগুলোর মানুষ চলাচলের জন্য এত দিন নৌকার ওপর ভরসা করত। খালের উত্তর পারের বতুলবাজার, পাথরখালী, মাঝেরপাড়া গ্রামের মানুষকে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দৈনন্দিন হাটবাজারের জন্য নৌকায় করে দক্ষিণ পারের রত্নাঘেরী গ্রামে ও বড়বাড়ী বাজারে আসতে হয়। এ ছাড়া দক্ষিণ পারের মানুষ ব্যবসা-বাণিজ্য, কৃষিকাজসহ বিভিন্ন প্রয়োজনে ওপারে যায়। এই পাঁচ গ্রামের মানুষের যোগাযোগের ভোগান্তির কথা ভেবে ভাসমান সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
পাথরখালী মিলনী যুব সংঘের সাধারণ সম্পাদক দীনবন্ধু মণ্ডল বলেন, পাথরখালী খালের ওপর একসময় একটি সেতু ছিল। সেতুটি ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলার সময় ভেঙে যায়। সে কারণে খালের দুই পারের মানুষের চলাচলে নৌকা ছাড়া কোনো উপায় ছিল না। সেই থেকে বছরের পর বছর প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়ে ব্যর্থ হয়ে নিজেদের উদ্যোগেই সেতুটি বানানো হয়।
সেতু পেয়ে দারুণ খুশি এলাকাবাসী। বড়বাড়ী গ্রামের সুষমা মণ্ডল বলেন, কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনো রাস্তা এখানে ছিল না। কী যে কষ্ট ছিল, সেটা কেবল এ অঞ্চলের মানুষই বুঝতে পারবেন। সেতুটি হওয়ায় মানুষের অনেক উপকার হয়েছে।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমান বলেন, এলাকার যুবকেরা সম্মিলিতভাবে অল্প সময়ের মধ্যে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ভাসমান সেতুটি নির্মাণ করেছেন, এর প্রশংসা করতেই হয়। তবে এ প্রযুক্তি দীর্ঘস্থায়ী নয়। পাথরখালী খালের ওপর দীর্ঘস্থায়ী সেতু নির্মাণ করা যায় কি না, সেটি যাচাই করে দেখা হবে।