
ঈদের দিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিন বন্ধু। এর মধ্যে বাসচাপায় এক বন্ধু নিহত হয়েছেন। ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ভাঙ্গা আঞ্চলিক কার্যালয়ের সামনে আজ শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জুবায়ের হাসান (২০)। তিনি সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে ও ফরিদপুর শহরের সরকারি ইয়াছিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। এ দুর্ঘটনায় জুবায়েরের দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। তাঁরা হলেন রামচন্দ্রপুর গ্রামের শহীদ শরীফের ছেলে ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিফাত শরীফ (২২) ও একই গ্রামের কালাম কাজীর ছেলে রনি কাজী (২২)।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা কাজী আইয়ুব আলীর সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে সদরপুরের রামচন্দ্রপুর গ্রামের বাড়ি থেকে একটি মোটরসাইকেল নিয়ে জুবায়ের, শিফাত ও রনি ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘুরতে যাচ্ছিলেন। বিকেল সোয়া পাঁচটার দিকে এক্সপ্রেসওয়েতে ওঠার আধা কিলোমিটার আগে ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশাল থেকে আসা একটি বাস ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে জুবায়ের ঘটনাস্থলে নিহত হন। পরে স্থানীয় লোকজন আহত অন্য দুজনকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাই বাসটি আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।