ম্যালেরিয়া ও জন্ডিসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

মোজাহিদ হাসান
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থী ম্যালেরিয়া ও জন্ডিসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মারা যাওয়া শিক্ষার্থীর নাম মোজাহিদ হাসান। তিনি আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা গ্রামে।

আজ বুধবার দুপুরে আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান মোজাহিদ হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোজাহিদ হাসান ম্যালেরিয়া ও জন্ডিসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।’ তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

আইন বিভাগ সূত্রে জানা যায়, গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল আজহার ছুটিতে মোজাহিদ বাসায় গিয়েছিলেন। সেখান তাঁর ম্যালেরিয়া ধরা পড়ে। এরপর তিনি জন্ডিসে আক্রান্ত হন। পরে তাঁর শরীরের অবস্থা খারাপ হলে গতকাল তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শিক্ষার্থী মোজাহিদ হাসানের মৃত্যুতে আইন বিভাগে শোকের ছায়া নেমেছে। তাঁর বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে শোক প্রকাশ করেছেন।