
ময়মনসিংহ নগরীর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এ ঘটনায় আরও এক নারী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বেলা একটার দিকে ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, চালকের সহকারী ট্রাকটি চালাচ্ছিলেন।
নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের শিলা আক্তার (২৫), সদর উপজেলার রঘুরামপুর গ্রামের আবেদা খাতুন (৩৫) ও নগরীর জুবলি ঘাটের দেবরাজ ঘোষ (৩৫)। আহত নারী হলেন মাসকান্দা এলাকার তানিয়া সুলতানা (২০)। তাঁকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় কয়েকজন বলেন, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের শম্ভুগঞ্জ এলাকার পুষ্টিরাজ ফিডের ডিপোতে মালামাল নামিয়ে ট্রাকটি মহাসড়কে উঠতে শুরু করে। এ সময় শম্ভুগঞ্জ থেকে কলতাপাড়াগামী অটোরিকশাটিকে চাপা দেয় ট্রাকটি। অটোরিকশা দুমড়েমুচড়ে যায়।
অটোরিকশাচালক মোশাররফ হোসেন ময়মনসিংহ সদরের লক্ষ্মীপুরের বাসিন্দা। দুর্ঘটনায় তিনি মাথায় সামান্য আঘাত পেয়েছেন।
আজ বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশাটি ঘিরে আছে লোকজন। পরে অটোরিকশাটি একটি ভ্যানগাড়িতে করে সরিয়ে নেওয়া হয়। এর আগে ট্রাকটি জব্দ করে নিয়ে যায় পুলিশ।
দুর্ঘটনার সময় চিৎকার শুনে ঘটনাস্থলে যান বলে জানান স্থানীয় বাসিন্দা ফিরোজ মাহমুদ। তিনি বলেন, ‘আমি এসে দেখি, চারজন মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখনো পুরুষটির দম ছিল। সড়কের পাশে নিতেই লোকটি মারা যায়। তিন নারীকে একটি পিকআপ ভ্যানে করে হাসপাতালে পাঠানো হয়।’
গুদামে মালামাল নামিয়ে ট্রাকটি মহাসড়কে এসে ঘুরিয়ে যেতে শুরু করলে অটোরিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানান স্থানীয় হারিছ উদ্দিন। তাঁর দাবি, ‘ওই সময় ট্রাকের চালক ছিল না। হেলপার (চালকের সহকারী) চালাচ্ছিল বলে আমরা জেনেছি। হেলপার ট্রাক চালানোর কারণে আজকের এই দুর্ঘটনা।’
দুর্ঘটনায় অটোরিকশাটি একেবারে ট্রাকের নিচে চলে যায় বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলেই ওই পুরুষের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর দুই নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার যেভাবে চায়, সেভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি জানান, চালক ও সহকারী দুজনেই পলাতক। ট্রাকটি চালকের বদলে সহকারী চালাচ্ছিলেন কি না, সেটি যাচাই-বাছাই করা হচ্ছে। তাঁদের আটকের চেষ্টা চলছে।