
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় হাসেমবাগ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আফজাল হোসেন (৪২) শহরের দেওভোগ বাংলাবাজার এলাকার এবাদুল হকের ছেলে। পুলিশের দাবি, নিহত আফজাল হোসেনের বিরুদ্ধে হত্যা, চুরিসহ ১৪টি মামলা রয়েছে। তিনি তালিকাভুক্ত সন্ত্রাসী।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক প্রথম আলোকে বলেন, সকালে আফজাল হোসেনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গত দেড় মাস আগে রাশেদ নামের এক যুবককে কুপিয়ে জখম করেন আফজাল। ওই ঘটনায় রাশেদ প্রাণে বেঁচে গেলেও সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যান। আজ সকালে আফজাল হোসেনকে পেয়ে রাশেদের ভাই রাসেল ও তাঁর লোকজন কুপিয়ে হত্যা করেন। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত আফজাল হোসেনের ছোট ভাই মোফাজ্জল হোসেন সাংবাদিকদের বলেন, আজ সকাল ৯টার দিকে দেওভোগের বাঁশমুলি এলাকায় যাচ্ছিলেন তাঁর ভাই আফজাল। পথে তাঁকে তুলে হাসেমবাগ এলাকায় নিয়ে কুপিয়ে জখম করেন রাজু বাহিনীর রাজু প্রধান, রাসেল, রাশেদসহ ১০ থেকে ১৫ জন। খবর পেয়ে স্বজনেরা আফজালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ভাই হত্যার বিচার চেয়েছেন মোফাজ্জল। আফজালের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, প্রতিপক্ষ রাজু বাহিনীর লোকজনের সঙ্গে আফজালের বিরোধ ছিল। এই বিরোধের জেরে হয়রানি করতে কিছুদিন আগে তাঁর বিরুদ্ধে চার-পাঁচটি মিথ্যা মামলা দেওয়া হয়।
ওসি রিজাউল হক বলেন, নিহত আফজাল হোসেনের বিরুদ্ধে হত্যা, চুরি, ছিনতাইসহ শুধু ফতুল্লা মডেল থানায় ১৪টি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাঁকে হত্যার ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।