সিলেট থেকে হেলিকপ্টারে গাইবান্ধার সাদুল্যাপুরে বিয়ে করতে যান সিলেটের কাতারপ্রবাসী বর। সোমবার দুপুরে
সিলেট থেকে হেলিকপ্টারে গাইবান্ধার সাদুল্যাপুরে বিয়ে করতে যান সিলেটের কাতারপ্রবাসী বর। সোমবার দুপুরে

সিলেট থেকে হেলিকপ্টারে গাইবান্ধায় বিয়ে করতে এলেন প্রবাসী বর

সিলেট থেকে হেলিকপ্টারযোগে গাইবান্ধার সাদুল্যাপুরে বিয়ে করতে এলেন এক প্রবাসী বর। এ সময় হেলিকপ্টার দেখতে শিশু-নারী-পুরুষসহ উৎসুক জনতা ভিড় জমায়। কেউ মুঠোফোনে ভিডিও করেন, কেউ সেলফি তোলেন।

বরের নাম ইউসুফ আলী (৩০)। তাঁর বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার পাকিচিরি গ্রামে। তিনি ওই গ্রামের ইসমাইল আলীর ছেলে। তিনি কাতারে ব্যবসা করেন। কনের নাম আবদিয়া আক্তার (২২)। বাড়ি সাদুল্যাপুর উপজেলা জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামে। তিনি ওই গ্রামের নুরে আলমের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বর ইউসুফ আলী আজ সোমবার দুপুরে সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের একটি রাইস মিলের চাতালে হেলিকপ্টার নিয়ে পৌঁছান। সেখান থেকে আধা কিলোমিটার দূরে কনে আবদিয়া আক্তারের বাড়িতে যান মাইক্রোবাসে করে। বিয়ের কাজ সম্পন্ন করে বিকেলেই হেলিকপ্টারে নববধূকে নিয়ে সিলেটে রওনা হন বর।

বরের সঙ্গে আসা আত্মীয়স্বজন জানান, ছোটবেলা থেকে ইউসুফ আলীর স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাবেন। সেই স্বপ্নই আজ পূরণ করলেন।

সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাওসার আহমেদ হেলিকপ্টারে বর আসার বিষয়টি নিশ্চিত করেছেন। কনের বাবা নুরে আলম বলেন, হেলিকপ্টারে বর আসা এবং মেয়ে হেলিকপ্টারে করে শ্বশুরবাড়িতে যেতে পারছেন দেখে ভালো লাগছে। মেয়ে ও জামাতার জন্য সবার দোয়া চেয়েছেন।