শেষ মুহূর্তে সাধ্যমতো ঈদের কেনাকাটায় ব্যস্ত গাইবান্ধার মানুষ

সাধ্য অনুযায়ী ঈদের কেনাকাটায় ব্যস্ত মানুষ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গাইবান্ধা শহরের গাউনপট্টি মার্কেটে
ছবি: প্রথম আলো

গাইবান্ধা শহরের সবখানেই এখন শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন মানুষ। সাধ্য অনুযায়ী কেউ ছুটছেন ফুটপাতের দোকানে, কেউ আবার বিপণিকেন্দ্রে। ঈদের আগে বিপণিবিতানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়লেও বিক্রি গত বছরের চেয়ে কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গাইবান্ধা শহরের গাউনপট্টি মার্কেটে গিয়ে দেখা গেল ছেলের জন্য শার্ট কিনছেন রিকশাচালক ইদু মিয়া। তাঁর বাড়ি গাইবান্ধা সদর উপজেলার চাপাদহ গ্রামে। ইদু মিয়া বলেন,‘এ্যাকসা (রিকশা) চলেয়া পাঁচজনের সোংসার চলব্যার নাগচি। ছোট ছোলটে বায়না ধরচে। নয়া শাট কিনবে। তাই আচকে মানসের কাচে ৫০০ ট্যাকা দ্যানা করি মারকেটোত আচ্চি। একনা শার্ট কিননো, এ্যাকসা চলেয়া শোদ করমো।’

শহরের বিভিন্ন বাড়িতে কাজ করেন চাপাদহ গ্রামের আরেক বাসিন্দা আঙ্গুরা বেগম (৩৫)। তিনিও এসেছিলেন গাউনপট্টি মার্কেটে। আঙ্গুরা বেগম বলেন, ‘ছোট ব্যাটা অবাব (অভাব) বোজে না। কয় দিন থাকি একনা জামার জন্নে বায়না ধরচে। তাই গাউনপট্টির মারকেটোত আচ্চি। এই মারকেটোত নাকি কম দামোত জামা পাওয়া যায়।’

যাঁদের একটু সামর্থ্য রয়েছে, তাঁরা ছুটছেন গাইবান্ধা শহরের সালিমার মার্কেটে। সেখানে গিয়ে কথা হলো সদর উপজেলার খোলাহাটি গ্রামের কৃষক ময়নুল হকের সঙ্গে। তিনি বলেন, ‘হামরা কিরসোক মানুস। হাতোত ট্যাকা জমান নাই। তাই ধান বেচি সালিমার মারকেটোত আচ্চি, বাড়িআলির (স্ত্রীর) কাপড়া কিনব্যার। এই মারকেটোত নাকি ভালো কাপড়া পাওয়া যায়।’

সালিমার সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাপ্পা সাহা বলেন, ঈদের শেষ মুহূর্তে বেচাকেনা জমেছে। ক্রেতারা যেভাবে ভিড় করছেন, সেভাবে কিনছেন না। এ ছাড়া গত বছরের তুলনায় এ বছর বেচাকেনা অনেকটা কম। কারণ, বাজারে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ঈদবাজারে প্রভাব ফেলেছে। মানুষ নিজেদের জন্য না কিনে ছেলেমেয়েদের জন্য কিনছেন বেশি।

সালিমার সুপার মার্কেটে ঘুরে দেখা গেল, দোকানে দোকানে ক্রেতাদের ভিড়। এর মধ্যে নারী ক্রেতাই বেশি। এ মার্কেটে আসা সদর উপজেলার বোয়ালি গ্রামের ফরিদ মিয়া বলেন, ঈদ মানে আনন্দ। বাড়িতে কাপড়চোপড় আছে। তারপরও ঈদ বলে কথা। তাই স্ত্রীকে নিয়ে মার্কেটে এসেছেন। বাবা-মাসহ পরিবারের সদস্যদের জন্য শাড়ি, লুঙ্গি কিনেছেন।

শহরের পৌর মার্কেটে গিয়েও একই চিত্র দেখা গেল। এখানে আসা ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের মেহেদী ইসলাম বলেন, ‘প্রতিবছর ঈদে ছেলেমেয়েদের জামাকাপড় দিই। তাই এবারও এসেছি।’

এ মার্কেটের কাপড় ব্যবসায়ী মিলন মিয়া বলেন, ঈদের শেষ মুহূর্তে কেনাকাটা বেড়েছে। তবে গত বছরের তুলানায় কম। সকাল ৯টা থেকে গভীর রাত পর্যন্ত বিপনিবিতানগুলোতে বেচাকেনা চলছে।