রংপুরের গঙ্গাচড়ায় উদ্ধার হওয়া কৃষি প্রণোদনার সরকারি ধানবীজ
রংপুরের গঙ্গাচড়ায় উদ্ধার হওয়া কৃষি প্রণোদনার সরকারি ধানবীজ

রংপুরে প্রণোদনার সার-বীজ উদ্ধারের ঘটনায় দুটি তদন্ত কমিটি, প্রধান আসামি গ্রেপ্তার

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যবসায়ীর বাড়ি থেকে সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধারের ঘটনায় করা মামলার প্রধান আসামি আলমগীর হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় রংপুর মহানগরের পরশুরাম থানার পাকারমাথা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

এদিকে সার ও বীজ উদ্ধারের ঘটনায় রোববার পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। এর মধ্যে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্নার নির্দেশে তিন সদস্যের একটি এবং রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের ওবায়দুর রহমান মণ্ডলের নির্দেশে তিন সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে।

ইউএনওর নির্দেশে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে গঙ্গাচড়ার সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহাকে। কমিটির অন্য দুই সদস্য হলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরিদুল হক ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. আফতাবুজ্জামান। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে ইউএনওর দপ্তরে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অন্যদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের নির্দেশে গঠিত তদন্ত কমিটিতে রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা এনামুল হককে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন অতিরিক্ত উপপরিচালক শামিমুর রহমান ও খালেদুর রহমান। তাঁদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান মণ্ডল প্রথম আলোকে বলেন, ঘটনার প্রকৃত কারণ ও অনৈতিক কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় গঙ্গাচড়া সদর ইউনিয়নের মুন্সিপাড়ায় আলমগীর হোসেন নামের ওই বীজ ব্যবসায়ীর বাড়ি থেকে কৃষি প্রণোদনার ১৫৩ বস্তা ধানবীজ (প্রতি বস্তা ১০ কেজি), ২০ প্যাকেট পাটবীজ (প্রতি প্যাকেট এক কেজি) ও ১২ বস্তা রাসায়নিক সার (প্রতি বস্তা ৫০ কেজি) উদ্ধার করে থানা-পুলিশ। ওই দিন বিকেলে উপজেলা পরিষদের ভেতর থেকে ভ্যানবোঝাই ১৪ বস্তা ধানের বীজ আটক করে উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন।

এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমান বাদী হয়ে আলমগীর হোসেনকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা তিন–চারজনকে আসামি করে মামলা করেন। মামলায় কৃষি প্রণোদনার বীজের দাম ৭৭ হাজার ৪৪০ এবং সার ৮ হাজার ১০০ টাকা উল্লেখ করা হয়েছে। তবে উপজেলা পরিষদে ভ্যানে আটক প্রণোদনার ১৪ বস্তা ধানের বীজের কথা মামলায় উল্লেখ করা হয়নি।