নরসিংদীতে রাতে পাহারারত নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলায় রাতে পাহারা দেওয়ার সময় আবদুল করিম (৪৫) নামের এক নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার নিলক্ষা ইউনিয়নের আতশআলী বাজারে এ ঘটনা ঘটে। বাজারের ব্যবসায়ীদের ধারণা, চুরি করতে এসে ব্যর্থ হয়ে তাঁকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত নিরাপত্তা প্রহরী আবদুল করিম রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে। তিনি এক বছর ধরে বাজারটিতে নিরাপত্তা প্রহরীর কাজ করে আসছিলেন।

নিলক্ষা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিদ্দিক মিয়া বলেন, আতশআলী বাজারে প্রতি রাতের মতো আবদুল করিম ও আরশাদ আলী নামের দুজন নিরাপত্তা প্রহরী পাহারা দিচ্ছিলেন। তাঁদের দায়িত্ব ছিল বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বাঁশি বাজিয়ে হেঁটে যাওয়া। পাহারা দেওয়ার সময়ই গতকাল রাতে বাজারের মাঝামাঝি স্থানে কে বা কারা আবদুল করিমকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে চলে যায়।

অপর নিরাপত্তা প্রহরী আরশাদ আলীর ভাষ্য, গতকাল দিবাগত রাত দুইটার দিকে বাজারে পাহারা দেওয়ার সময় তিনি ছিলেন পশ্চিম প্রান্তে। নিয়ম অনুযায়ী, কিছুক্ষণ পরপর তাঁদের স্থান পরিবর্তনের কথা। দীর্ঘ সময় হয়ে গেলেও আবদুল করিম পূর্ব প্রান্ত থেকে ফিরছিলেন না। ওই সময় কোনো কিছু হলো কি না, দেখতে তিনি এগিয়ে যান। বাজারের মধ্যবর্তী স্থানে গিয়ে দেখেন, আবদুল করিমের রক্তাক্ত লাশ রাস্তায় পড়ে আছে। শরীরের নানা জায়গায় কোপানো হয়েছে। এরপর তিনি বাজার কমিটির সদস্যদের খবর দেন।

খবর পেয়ে সকাল ৬টার দিকে রায়পুরা থানার উপপরিদর্শক আবদুস সালাম ঘটনাস্থলে গিয়ে নিহত নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর সকাল ৮টার দিকে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিলক্ষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তারুজ্জামান বলেন, বাজারের কোনো দোকানে কোনো চুরির ঘটনা ঘটেনি। বাজারসংলগ্ন এলাকায় কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। পুলিশকেই তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে হবে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন, নিরাপত্তা প্রহরীকে কে বা কারা কী কারণে এভাবে কুপিয়ে হত্যা করল, তা বোঝা যাচ্ছে না। তাঁর দুই হাতের কবজি, কোমরসহ শরীরের ৯টি জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশি তদন্ত চলছে, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা হবে।