
নরসিংদীর রায়পুরা উপজেলায় ঈদের দিন বাড়িতে ঢুকে মো. জুলহাস মিয়া (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ বুধবার ভোরে নরসিংদীর রায়পুরা ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় দুটি গুলিভর্তি একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার বেলা একটার দিকে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী।
গ্রেপ্তার দুজন হলেন রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়নের বটতলীকান্দি এলাকার সুমন মিয়া (২৩) ও একই উপজেলার নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও এলাকার রাকিব ব্যাপারী (২২)। পুলিশ বলছে, সুমন মিয়ার বিরুদ্ধে এর আগের হত্যাসহ দুটি মামলা আদালতে বিচারাধীন।
পুলিশ কর্মকর্তা অনির্বাণ চৌধুরী বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ছাড়া এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। তবে ঘটনার পর থেকেই তাঁরা পলাতক আছেন। যেখানেই তাঁরা পালান না কেন, দ্রুত তাঁরা গ্রেপ্তার হবেন।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ঈদের দিন বিকেলে নিলক্ষার বীরগাঁও গ্রামে পরপর কিছু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে উল্লাস করছিল একদল সন্ত্রাসী। এ সময় মুরগির খামারি জুলহাস মিয়াসহ স্থানীয়রা বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে জুলহাসের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় জুলহাসসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর জুলহাস মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনার দুই দিন পর নিহত জুলহাসের মা হালিমা খাতুন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জালাল মিয়া নামের এক ব্যক্তি ককটেলের মতো নানা ধরনের বিস্ফোরক দ্রব্য তৈরির সঙ্গে জড়িত। তিনি প্রায়ই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করেন। ঈদের দিন বিকেল পাঁচটার দিকে তাঁর নেতৃত্বে প্রায় ৫০ জন এলাকায় ককটেল ফাটাচ্ছিলেন। ঘটনাস্থলের পাশেই জুলহাসের পোলট্রি ফার্ম। সেখানে জুলহাসসহ প্রায় ২০ জন আড্ডা দিচ্ছিলেন। জুলহাস এগিয়ে গিয়ে জালাল মিয়াকে অনুরোধ করে বলেন, মুরগিগুলো ভয় পায়, তাই এখানে যেন আর ককটেল না ফাটান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এতে জালালসহ তাঁর সঙ্গে থাকা লোকজন চলে যান। প্রায় ৩০ মিনিট পর তাঁরা কিছু টেঁটা, পাইপগান ও শটগান নিয়ে আসেন। এ দৃশ্যে ভীত হয়ে জুলহাসসহ অন্যরা জুলহাসদের বাড়িতে ঢোকেন। জালালের নেতৃত্বে প্রায় ৫০ জন বাড়িতে ঢুকে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকেন। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। পরে তাঁরা চলে গেলে গুলিবিদ্ধ জুলহাস, হাবিব ও ইয়ামিনকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথে জুলহাস মারা যান। গুলিবিদ্ধ অন্য দুজনকে নরসিংদী শহরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।