সম্মেলনের ছয় মাস পর কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি

সভাপতি আ ক ম বাহাউদ্দিন (বাঁয়ে) এবং সাধারণ সম্পাদক আরফানুল হক
ছবি: সংগৃহীত

সম্মেলনের ৬ মাস পর কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। আজ শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হয়।

এর আগে গত বছরের ৫ নভেম্বর কুমিল্লা টাউন হল মাঠে মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলনে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনকে সভাপতি ও আরফানুল হককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও  বাহাউদ্দিনের বড় মেয়ে তাহসীন বাহারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

৭১ সদস্যবিশিষ্ট কমিটিতে নতুন মুখ আটজন। এর মধ্যে সহসভাপতি পদে কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফিউল আহমেদ বাবুল, নুর আহমেদ মজুমদার ও ওয়াহিদ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুরুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক পদে সালেহ আহমাদ, সাংগঠনিক সম্পাদক পদে মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাহসীন বাহার, উপদপ্তর সম্পাদক পদে মহানগর ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক নাইমুল হক এবং আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলামকে সদস্য করা হয়েছে। কমিটির ৬৬ জনই সংসদ সদস্য বাহাউদ্দিনের অনুসারী বলে জানা গেছে।

এ ছাড়া ১৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্য পদে আছেন পাঁচজন সাবেক ও বর্তমান অধ্যক্ষ। তাঁরা হলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এ কে এম আছাদুজ্জামান, সাবেক অধ্যক্ষ আবদুর রশিদ, সাবেক অধ্যক্ষ মো. রুহুল আমিন ভূঁইয়া, বঙ্গবন্ধু ল কলেজের অধ্যক্ষ আলী আজাদ ও কুমিল্লার ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হয়। এরপর ২০১৭ সালের ২২ জুলাই বাহাউদ্দিনকে সভাপতি ও আরফানুলকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। ৭৫ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে ৭১ জনের নামের তালিকা অনুমোদন করেন দলীয় সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই কমিটিতে সহসভাপতির দুটি, সাংগঠনিক সম্পাদকের একটি ও সদস্যের একটি পদ ফাঁকা ছিল। তখন ৭১ জনের কমিটির মধ্যে ৬১ জনই বাহাউদ্দিনের অনুসারী ছিলেন। বাকি ১০ জন সংসদ সদস্যের বিরোধী পক্ষের। ওই ১০ জনের মধ্যে সহসভাপতি আবুল কাশেম মারা গেছেন। বাকি নয়জনের মধ্যে চারজন এবারের কমিটি থেকে বাদ পড়েছেন। তাঁরা হলেন যুব ও ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী জিয়াউল হক, কার্যকরী সদস্য মহিউদ্দিন ফারুকী ও জাকির হোসেন।

অন্য পাঁচজনের মধ্যে মহানগর আওয়ামী লীগের আগের কমিটির সহসভাপতি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা ও মো. ওমর ফারুক সদস্যপদে, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম একই পদে, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক কবিরুল ইসলাম শিকদারকে এবার ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক পদ দেওয়া হয়েছে। ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নূর উর রহমান মাহমুদ তানিমকে ৭১ সদস্যবিশিষ্ট মূল কমিটির বাইরে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে।

নবগঠিত মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ, শাহীনুল ইসলাম ও সৈয়দ নুরুর রহমান পূর্ণাঙ্গ কমিটির বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, কমিটি গতকাল রাতে অনুমোদিত হয়েছে। আজ সকালে তাঁরা জানতে পেরেছেন।