ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে বিভিন্ন পরিবহনে তল্লাশি ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বেশ কয়েকজন যাত্রীকে বাস থেকে নামিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাঁদের নারায়ণগঞ্জে ফেরত পাঠায়।
বিএনপির নেতাদের দাবি, তল্লাশির নামে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের সমাবেশে যেতে বাধা দিচ্ছে, হয়রানি করছে। তবে পুলিশের ভাষ্য, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থান নিয়েছে তারা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, আজ ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা, মোগড়াপাড়া চৌরাস্তা, কাঁচপুর মোড়, সানারপাড় ও সাইনবোর্ড, ঢাকা সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার, ভূলতা, তারাব বিশ্বরোড এবং এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতু এলাকায় পুলিশ গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে। তারা যাত্রীদের ঢাকা যাওয়ার কারণ জানতে চাচ্ছে। পরে বিএনপির নেতা-কর্মী সন্দেহ হলেই গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে।
আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের কাঁচপুর, সানারপাড়, সাইনবোর্ড ও তারাব বিশ্বরোড এলাকা ঘুরে মহাসড়কে পুলিশের তৎপরতা লক্ষ করা গেছে। সকালে সাইনবোর্ড এলাকায় মহাসড়কের ঢাকাগামী লেনে সাঁজোয়া যানসহ পুলিশের অবস্থান নিতে দেখা যায়। এ সময় পুলিশের সদস্যরা ঢাকাগামী বাস, ট্রাক, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালিয়েছেন। তল্লাশির সময় যাত্রীদের ঢাকা যাওয়ার কারণ, পেশা ও নাম-ঠিকানা জানতে চাওয়া হয়েছে। অন্তত ১৫ যাত্রীকে বাস থেকে নামিয়ে নারায়ণগঞ্জের দিকে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া তল্লাশির সময় চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোড থেকে তল্লাশিচৌকি পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ যানজট দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের সাধারণ যাত্রীরা।
সাইনবোর্ড এলাকায় পুলিশের চেক পোস্টে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে মো. রিফাত, মো. অনিক, সুরুজ আলম, গোপাল চন্দ্রসহ বেশ কয়েকজন যাত্রীকে। তাঁরা প্রথম আলোকে জানান, ছয় বন্ধু মিলে তাঁরা সিটি বন্ধন বাসে ঢাকায় যাচ্ছিলেন। পুলিশ তাঁদের ঢাকায় যাওয়ার কারণ জানতে চায়। তাঁরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছেন বলে উল্লেখ করেন। তখন পুলিশ তাঁদের গাড়ি থেকে নামিয়ে নারায়ণগঞ্জ চলে যেতে বলে।
সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা মোড় থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কে পুলিশ তিনবার গাড়ি আটকিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেছে বলে জানিয়েছেন মো. আবু কাউসার নামের যাত্রী। সাইনবোর্ড এলাকায় আলাপকালে তিনি বলেন, ‘আমি গুলিস্তান যাব। যাত্রাপথে কাঁচপুর, সানারপাড় ও সাইনবোর্ড—এই তিন স্থানে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ নাম–পরিচয় ও ঢাকা যাওয়ার কারণ জানতে চেয়েছে। এটা এক প্রকার ভোগান্তি।’
এমন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের কারণ জানতে চাইলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাউলাউ মারমা প্রথম আলোকে বলেন, ঢাকায় বিএনপির সমাবেশের আগে মহাসড়কগুলোয় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। এটাকে ঠিক তল্লাশি বলা যায় না। মহাসড়কসহ জেলাজুড়ে মানুষের জানমাল রক্ষায় পুলিশ কাজ করছে।