খোলা মাঠে পড়ে ছিল বৃদ্ধের গলাকাটা লাশ

হত্যা
প্রতীকী ছবি

দিনাজপুরের বিরামপুর উপজেলার পারভবানীপুর গ্রামের একটি মাঠ থেকে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই ব্যক্তির নাম আবদুল ওয়াহেদ মুন্সি (৭৬)। তিনি পারভবানীপুর গ্রামের মৃত মনসের আলীর ছেলে। মঙ্গলবার সকাল ১০টার দিকে বিরাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পারভবানীপুর মুন্সিপাড়ার প্রায় ৩০০ গজ পূর্ব পাশের খোলা মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে পাঠানো হবে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে থানা-পুলিশ জানায়, গতকাল সকালে ছাগল চরাতে গিয়ে পারভবানীপুর গ্রামের পূর্ব পাশের মাঠের একটি ঘাসের জমিতে আবদুল ওয়াহেদের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন এক নারী। পরে ওই নারী নিহত ব্যক্তির পরিবারের লোকজনকে খবর দিলে তাঁরা সেখানে ছুটে যান। বিষয়টি মুঠোফোনে থানা-পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হন এবং লাশটি উদ্ধার করেন।

নিহত ব্যক্তির ছেলে গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘সোমবার মাগরিবের নামাজ পড়ার জন্য আমার বাবা বাড়ি থেকে বের হন। পরে তিনি রাতে আর বাড়িতে ফেরেননি। মনে করেছিলাম, বাবা হয়তো রাতে কারও বাড়িতে গেছেন, পরে ফিরবেন। কিন্তু রাতে আত্মীয়দের বাড়িতে খবর নিয়ে কোনো খোঁজ পাইনি। আজ সকালে গ্রামের লোকজন আমাকে খবর দেন, “মাঠে একটি ঘাসের জমিতে তোমার বাবার লাশ পড়ে আছে।”’

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত প্রথম আলোকে বলেন, পারভবানীপুর গ্রামে হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম ও বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর আবদুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। নিহত বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।