
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালে চলন্ত বৈদ্যুতিক পাখা খুলে পড়ে এক পরীক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীর নাম নিয়ামুল হাসান (১৭)। আজ রোববার বেলা ১১টার দিকে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে চৌমুহনী পৌরসভার মদন মোহন উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিয়ামুল স্থানীয় দারুল ইসলাম একাডেমির ছাত্র।
কেন্দ্র সূত্রে জানা গেছে, সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। নিয়ামুল ৮ নম্বর কক্ষে অন্য পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা দিচ্ছিল। বেলা ১১টার দিকে হঠাৎ তার মাথার ওপর থাকা চলন্ত বৈদ্যুতিক পাখাটি খুলে পাশে পড়ে। এতে পাখার ডানার আঘাতে তার কপালের ডান পাশে কেটে যায়। ঘটনায় হলে উপস্থিত অন্য পরীক্ষার্থীদের মধ্যে সাময়িক আতঙ্ক দেখা দিলেও দায়িত্বরত শিক্ষকেরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করেন।
আহত নিয়ামুলকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক ডেকে এনে তার কপালে ব্যান্ডেজ করা হয়। পরে কুমিল্লা শিক্ষা বোর্ডের নির্দেশনায় কেন্দ্রের অফিস কক্ষে অতিরিক্ত সময় দিয়ে তার পরীক্ষা নেওয়া হয়। ব্যান্ডেজ মাথায় নিয়ামুল পরীক্ষা শেষ করে।
কেন্দ্রের হল সুপার ও বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. আবদুল আউয়াল চৌধুরী বলেন, ‘ঘটনার পরপরই আমরা শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা করি। সে যেন পরীক্ষায় অংশ নিতে পারে, সে জন্য আলাদা কক্ষে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।’ তিনি জানান, ঘটনার সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরিদর্শক দল কেন্দ্রে উপস্থিত ছিল এবং তাঁদের পরামর্শেই এই ব্যবস্থা নেওয়া হয়।
আবদুল আউয়াল চৌধুরী আরও বলেন, পরীক্ষা শেষে নিয়ামুল তার বাবার সঙ্গে বাড়ি ফিরে গেছে। বিকেলে তিনি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান শিক্ষার্থীর বাসায় গিয়ে খোঁজ নিয়েছেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা একেবারেই অপ্রত্যাশিত। আগে কখনো এভাবে পাখা খুলে পড়েনি।