পুবাইলে সেতু থেকে লাফ দেওয়ার পর বিলের পানিতে ডুবে কিশোরের মৃত্যু

গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল থানাধীন ছিকলিয়া এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে বিলের পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই কিশোরের লাশ উদ্ধার করে। তাঁর নাম শুভ আরাফাত (১৫)। সে পুবাইলের সাতানিপাড়া এলাকার মো. খোকন মিয়ার ছেলে। শুভ স্থানীয় একটি গ্যারেজে কাজ করত।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে পুবাইলের ছিকলিয়া এলাকায় বিলের পানিতে শুভ আরাফাতসহ তিন বন্ধু গোসল করতে যায়। সেখানে একটি সেতুর ওপর থেকে তিন বন্ধু লাফ দিয়ে পানিতে পড়ে। দুই বন্ধু পানির নিচ থেকে উঠতে পারলেও শুভ উঠতে পারেনি। স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। পরে টঙ্গী থেকে ডুবুরি দল এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করে।

ডুবুরিদের বরাত দিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, শুভ আরাফাত লাফ দিয়ে পড়ার পর পানির নিচে শণের আঁটির সঙ্গে আটকে গিয়েছিল। এ কারণে তাঁর মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।