মাগুরায় চাচাতো ভাইয়ের হামলায় যুবকের মৃত্যুর অভিযোগ

লাশ
প্রতীকী ছবি

মাগুরার মহম্মদপুরে চাচাতো ভাইয়ের হামলায় আল আমিন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার বালিদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে গতকাল রাতেই আল আমিনের চাচাতো ভাই সোহেলকে (২০) আটক করেছে পুলিশ।

নিহত আল আমিন বালিদিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের সামসুল শেখের ছেলে। অভিযুক্ত সোহেল একই গ্রামের নওসের আলীর ছেলে। হামলার সময় সামসুল শেখ ও তাঁর ভাই নওসের আলী আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে আল আমিন ও সোহেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্ত সোহেল ধারালো অস্ত্র নিয়ে তাঁর চাচাতো ভাই আল আমিনের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করেন। এ সময় তাঁদের ঠেকাতে গেলে ভুক্তভোগী ও অভিযুক্ত তরুণের বাবা সামসুল শেখ ও নওসের আলী আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আল আমিনকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত অন্য দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, গতকাল হত্যাকাণ্ডের ঘটনার পরই অভিযুক্ত তরুণকে ধরতে অভিযানে নামে পুলিশ। বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। পরে রাত ১২টার দিকে শ্রীপুর থানার ওয়াপদা এলাকায় নাকোল পুলিশ ক্যাম্পের চেকপোস্ট থেকে অভিযুক্ত সোহেলকে আটক করা হয়। সোহেল ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।