আটক ২৪টি লেগুনা ছেড়ে দিয়েছেন জাহাঙ্গীরনগর ছাত্রলীগের নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতা ২৪টি লেগুনা হলের পাশে আটকে রেখেছেন। বৃহস্পতিবার তোলা ছবি
প্রথম আলো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৪টি লেগুনা আটকের পর ছেড়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান। তাঁর দাবি, গতকাল বৃহস্পতিবার রাতে লেগুনাগুলো মালিক ও চালকদের হাতে বুঝিয়ে দেওয়া হয়।

প্রথম আলোকে আ স ম ফিরোজ বলেন, ‘গতকাল ছাত্রলীগের নেতারা কয়েকজন মালিকের সঙ্গে আলোচনা করে তাঁদের গাড়িগুলো ছেড়ে দিয়েছে। রাতেই ওই হলের নেতারা বিষয়টি আমাকে জানিয়েছে। তবে আমি আলোচনায় উপস্থিত ছিলাম না। কারণ, আমাকে কোনো পক্ষই বিষয়টি জানায়নি।’

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে লেগুনার কয়েকজন মালিক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ছয়জন নেতা আলোচনায় বসেন। আলোচনায় মালিকপক্ষ লেগুনার যেসব চালকের লাইসেন্স নেই, তাঁদের লাইসেন্স করার আশ্বাস দেয়। সেই সঙ্গে তারা আশ্বাস দেয়, ফিটনেস ছাড়া কোনো গাড়ি চলবে। এসব আশ্বাসের পর ছাত্রলীগের নেতারা রাতেই গাড়িগুলো ছেড়ে দেন।

লেগুনাগুলো আটকে জড়িত ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, গতকাল রাতে মালিকপক্ষের সঙ্গে তাঁরা বসছিলেন। আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে মালিকপক্ষের কোনো গাড়ি ফিটনেস ছাড়া চালাবে না এবং ক্যাম্পাসের পাশে কোনো ধরনের দুর্ঘটনা তারা ঘটাবে না। এ সিদ্ধান্তে সাড়া দিয়ে মালিকপক্ষ লিখিত মুচলেকা দিলে লেগুনাগুলো নেতারা ছেড়ে দেন।

গত মঙ্গলবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতা সাভার-আশুলিয়া রুটে চলাচলকারী ২৪টি লেগুনা আটকে রাখেন। ও সময় চালক ও মালিকপক্ষ অভিযোগ করে বলে, প্রতিদিন প্রতিটি লেগুনা থেকে ২৫ টাকা করে চাঁদা দেওয়া হতো ছাত্রলীগকে। এই রুটে প্রতিদিন ২০০টি লেগুনা চলাচল করে। কিন্তু ছাত্রলীগের নেতারা বলছেন এখন থেকে ১০০ টাকা করে চাঁদা দেওয়ার জন্য। চাঁদা আদায়ের বিষয়টি সুরাহা না হওয়ায় লেগুনাগুলো আটকে রাখা হয়।

তবে ছাত্রলীগ নেতাদের অভিযোগ ছিল, বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মোটরসাইকেলে ধাক্কা দেওয়ায় শিক্ষার্থীরা লেগুনাগুলো আটক করেন। গতকাল রাত সাড়ে নয়টা পর্যন্ত লেগুনাগুলো বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের পাশে আটক রাখতে দেখা যায়।

এ ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতারা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি আবদুল্লাহ আল ফারুক ইমরান, শাহ পরাণ ও হাসান মাহমুদ ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, লেলিন মাহবুব এবং উপ-ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক আল-রাজি সরকার প্রমুখ। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে থাকেন।

লেগুনামালিকদের একটি পক্ষের নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গতকাল রাতে ছাত্রলীগের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন লেগুনামালিকদের কয়েকজন। ছাত্রলীগের নেতারা তাঁদের গাড়ির লাইসেন্স করার জন্য বলেছেন। লাইসেন্স করার শর্তে ছাত্রলীগের নেতারা তাঁদের গাড়ি ছেড়ে দেন। ছাত্রলীগের পক্ষ থেকে যে চাঁদা দাবি করা হয়েছিল, বিষয়টি কীভাবে সমাধান করা হলো, জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি ওই নেতা।