সিলেট সিটি নির্বাচন

সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের অর্ধেকের বেশি নতুন

নির্বাচন কমিশন
ফাইল ছবি

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অন্তত ৪০০ সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী প্রচার-প্রচারণা শুরু করেছেন। তাঁরা ওয়ার্ডবাসীর সমর্থন চেয়ে পোস্টার, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড সাঁটিয়ে প্রার্থিতার জানান দিয়েছেন। তাঁদের অর্ধেকের বেশি এবার প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আবার এক–চতুর্থাংশ তরুণ।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নতুন প্রার্থীদের আধিক্য বাড়ার বিষয়টি ইতিবাচক। তাঁদের স্বাগত জানাই। তবে এসব প্রার্থীর মধ্যে শিক্ষা ও মানে যোগ্যতাসম্পন্ন প্রার্থী কেমন আছে, সেটাই দেখার বিষয়। তরুণ, মার্জিত, সৎ, গ্রহণযোগ্য ও শিক্ষিত প্রার্থীদের ভোটাররা বেছে নিক, এটাই আমাদের প্রত্যাশা। এটা হলে পরবর্তী সময়ে নির্বাচিত কাউন্সিলররা নিজেদের ওয়ার্ডকে একটা আদর্শ ওয়ার্ডে রূপ দিতে পারবেন।’

ভোটাররা বলছেন, পুরোনো প্রার্থীদের পাশাপাশি সম্ভাব্য নতুন প্রার্থীরাও মাঠপর্যায়ে রীতিমতো গণসংযোগে নেমে পড়েছেন। তাঁরা নির্বাচনী প্রচারণার বাসনা নিয়ে বিয়ে, জন্মদিন, মৃত্যুবার্ষিকী, মিলাদ মাহফিল, আকিকা, জানাজাসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গিয়ে সবার সঙ্গে কোলাকুলি-করমর্দন করছেন এবং কুশল বিনিময় সারছেন।

গত এক সপ্তাহে সব কটি ওয়ার্ড ঘুরে দেখা যায়, প্রতিটি ওয়ার্ডে নারী ও পুরুষ মিলে গড়ে ৯ থেকে ১০ জন সম্ভাব্য প্রার্থীর ব্যানার-পোস্টার টাঙানো আছে। এ হিসাবে ৪২টি ওয়ার্ডে প্রায় ৪০০ সম্ভাব্য প্রার্থী তৎপর আছেন। এসব প্রার্থী আগাম নির্বাচনী প্রচারণায় গিয়ে ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধানে ভোটারদের প্রতিশ্রুতি দেওয়া শুরু করেছেন।

৭ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মো. জাহিদ খান সায়েক এবারই প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে প্রচারণা শুরু করেছেন। তিনি বলেন, ‘নির্বাচন করার কোনো অভিলাষ কখনোই ছিল না। তবে এলাকাবাসীর চাপাচাপিতে প্রার্থী হচ্ছি। ওয়ার্ডকে সন্ত্রাসমুক্ত করতেই মূলত স্থানীয় লোকজন আমাকে প্রার্থী হিসেবে দেখতে চাচ্ছেন। নির্বাচিত হলে বাসিন্দাদের ইচ্ছাকে প্রাধান্য দিয়েই কাজ করব।’

সম্ভাব্য প্রার্থীদের পরিচিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, তাঁদের বেশির ভাগই স্থানীয়ভাবে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থক। এর বাইরে এলাকায় সুপরিচিত তরুণ, সমাজসেবী, ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠকেরাও আছেন।

বৃহত্তর মদিনা মার্কেটের ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আমির হোসেন ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক। টানা ২৩ বছর এই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করা আমির বর্তমানে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি। তিনি বলেন, মানুষের সেবা করার মানসিকতা থেকেই তিনি প্রথমবারের মতো নির্বাচনে প্রার্থী হতে চাচ্ছেন।

সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে আছেন গৃহিণী আয়েশা বেগম। তিনি বলেন, আসছে নির্বাচনে তিনি প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবেন। সে লক্ষ্যে তিনি কাজ করছেন। নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক উৎসবে অংশগ্রহণের পাশাপাশি তিনি ভোটারদের কাছে যাচ্ছেন।

কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, সম্ভাব্য প্রার্থীরা এখন মুঠোফোনে পাড়া-মহল্লার নেতৃস্থানীয় মুরব্বিদের সঙ্গে যোগাযোগ করে দোয়া চাইছেন। কোথাও কোথাও প্রার্থীরা ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সামাজিক-রাজনৈতিক নেতা ও তরুণদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া চাইছেন।

পনিটুলা এলাকার বাসিন্দা পলাশ তালুকদার বলেন, নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে অনেক নতুন ও তরুণ প্রার্থীর অংশগ্রহণ আনন্দের খবর। এসব প্রার্থী নির্বাচনী আচরণবিধি মেনে যথাযথভাবে ভোটারদের কাছে নিজেদের উপস্থাপন করুক। এভাবে যিনি ভোটারদের কাছে জনপ্রিয় ও গ্রহণযোগ্য হবেন; তিনিই জয় পাক, এটাই নগরের ভোটার হিসেবে তাঁর চাওয়া।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আগামী ২১ জুন ইভিএমে ভোট গ্রহণ করা হবে। ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ২৫ মে মনোনয়নপত্র বাছাইয়ের এবং ১ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।