কোম্পানীগঞ্জে প্রতিপক্ষের রডের আঘাতে একজনের মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের রডের আঘাতে মো. হোসেন (৬৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবদুল খালেক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মো. হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবদুল খালেক মিয়ার বাড়ির বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামিরা হলেন উপজেলার রামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাহিদ হোসেন (১৯), আহসান উল্যাহ (২৬), আনোয়ার হোসেন (৬৫), মেহেদী হাসান (২১) ও উপজেলার মুছারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সি সওদাগর বাড়ির মো. ইসমাইল (৩৩)। গ্রেপ্তার আসামিদের আজ রোববার দুপুরে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত থেকে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

মো. হোসেনের ছেলে মোতাহের হোসেন বলেন, ‘আমরা নানার বাড়িতে স্থায়ীভাবে বসবাস করি। গত শুক্রবার পারিবারিক বিষয়ে ঝগড়াঝাটির একপর্যায়ে মামাতো ভাই আহসান উল্যাহ ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ির উঠানে প্রকাশ্যে গালমন্দ করেন। এ সময় আমার আরেক মামা আবদুর রহিম (৪৫) প্রতিবাদ করলে তাঁরা তাঁকে হত্যার হুমকি দেন। এ ঘটনা নিয়ে বাড়ির উঠানে শনিবার রাত সাড়ে আটটার দিকে দুই পরিবারের সদস্যদের মধ্যে বাক্‌বিতণ্ডা দেখা দেয়।’

মোতাহের হোসেন আরও বলেন, ‘বাক্‌বিতণ্ডার একপর্যায়ে আমার বাবা হোসেন বিষয়টি মীমাংসার জন্য ঘটনাস্থলে গেলে জাহিদ তাঁর হাতে থাকা লোহার রড দিয়ে বাবার মাথায় ও কপালে আঘাত করেন। এতে বাবা ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয় পল্লিচিকিৎসক এসে বাবাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন বাবার মৃত্যুর সংবাদ পেয়ে জাহিদসহ পাঁচজনকে আটকে রেখে পুলিশ এবং স্থানীয় চেয়ারম্যানকে খবর দেন। খবর পেয়ে পুলিশ আসামিদের আটক করে থানায় নিয়ে যায়।’

জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মোতাহের হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এ ছাড়া রোববার সকালে হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।