
টাকার বিনিময়ে বাড়ি বাড়ি থেকে গৃহস্থালি বর্জ্য নেওয়ার ব্যবস্থা রয়েছে। নিম্ন আয়ের মানুষ পলিথিনে করে ময়লা নিয়ে ড্রেনের মধ্যে ফেলেন।
খুলনা সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের অনেক এলাকায় ওয়াসার পানির লাইন নেই। বিশেষ করে জমির মালিকানার কাগজ না থাকায় বস্তি এলাকায় দেওয়া হয়নি পানির সংযোগ। ওয়ার্ডের মধ্যে যে গভীর নলকূপ বসানো আছে, শুষ্ক মৌসুমে তাতেও পানি উঠছে না। এতে বিপাকে পড়েছেন ওয়ার্ডের মানুষ।
এখনো ওয়ার্ডের অনেক এলাকায় ড্রেন নির্মাণের কাজ চলছে। ড্রেন নির্মাণের কাজ শেষ হলে শুরু হবে সড়ক সংস্কারের কাজ। ধীরগতির ওই কাজে এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তবে বর্ষার মৌসুমে এলাকায় যে জলাবদ্ধতা হতো, সেটি ড্রেন নির্মাণের কাজ শেষ হলে থাকবে না বলে মনে করেন এলাকাবাসী।
এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার ভালো কোনো ব্যবস্থা নেই। বিভিন্ন অলিগলিতে মানুষ ময়লা স্তূপ করে রেখেছে। ওই ময়লা কে নেবে, তা কেউ জানে না।
এলাকাবাসী জানান, ১৮ নম্বর ওয়ার্ডের সবচেয়ে বড় সমস্যা হলো, বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি ও জলাবদ্ধতা। বাড়ি বাড়ি থেকে গৃহস্থালি বর্জ্য নেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে তার জন্য টাকা পরিশোধ করতে হয়। এলাকার নিম্ন আয়ের মানুষ ওই ঝামেলা এড়াতে পলিথিনে করে ময়লা নিয়ে ড্রেনের মধ্যে ফেলেন। এ কারণে ড্রেনগুলোও ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এলাকায় মশার উপদ্রব বেশি। মাঝেমধে৵ সিটি করপোরেশন থেকে ওষুধ স্প্রে করে যায়। ওয়ার্ডে নেই কোনো ওয়ার্ড কমিশনারের কার্যালয়, নেই কমিউনিটি সেন্টারও।
আশপাশের পাঁচটি ওয়ার্ডের পানি ড্রেনের মাধ্যমে ১৮ নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে গিয়ে ময়ূর নদে পড়ে। এ কারণে নবীনগর এলাকায় প্রতিদিন প্রচুর ময়লা জমা হয়। ওই ময়লা পরিষ্কার করতে না পারলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা হবেই।মো. হাফিজুর রহমান, কাউন্সিলর, ১৮ নম্বর ওয়ার্ড
খুলনা নগরের ১৮ নম্বর ওয়ার্ডের জনসংখ্যা প্রায় ৪৫ হাজার এবং ভোটার রয়েছেন প্রায় ২৪ হাজার। এই ওয়ার্ডের দক্ষিণে ২৫ নম্বর ওয়ার্ড ও হাজী ইসমাইল লিংক রোড, উত্তরে এম এ মজিদ সরণি, পূর্বে ১৯ ও ২৫ নম্বর ওয়ার্ড। আর পশ্চিমে ওয়ার্ডের বিস্তৃতি ময়ূর নদ পর্যন্ত। এই ওয়ার্ডের মধ্যে বিভাগীয় জাদুঘর, জিয়া (পাবলিক) হল, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডের কিছু অংশ, ট্রাক টার্মিনাল, পাইকারি কাঁচাবাজার, হোটেল সিটি ইন, হোটেল মিলেনিয়াম, ডেলটা টাওয়ার (২২ তলা ভবন), সোনাডাঙ্গা মডেল থানা, গাজী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়, আইসিএমএ ভবন, গল্লামারী শ্মশান, জীবন বীমা কার্যালয়, শিশু একাডেমিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে।
এই ওয়ার্ডে ১০ বছর ধরে কাউন্সিলর মো. হাফিজুর রহমান। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এবার যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে বা করার অনুমতি দেয়, তাহলেই কেবল নির্বাচন করবেন তিনি। হাফিজুর রহমান বলেন, ‘আমি দলের প্রতি অনুগত। দল যদি আমাকে নির্বাচনে অংশগ্রহণের জন্য বলে, তাহলেই নির্বাচনে অংশ নেব।’
এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে চাইলে হাফিজুর রহমান বলেন, আশপাশের পাঁচটি ওয়ার্ডের পানি ড্রেনের মাধ্যমে ১৮ নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে গিয়ে ময়ূর নদে পড়ে। এ কারণে নবীনগর এলাকায় প্রতিদিন প্রচুর ময়লা জমা হয়। ওই ময়লা পরিষ্কার করতে না পারলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা হবেই। এবার অবশ্য ড্রেনগুলো বেশ বড় করে নির্মাণ করা হয়েছে। নবীনগর এলাকা থেকে বর্জ্য পরিষ্কার করার জন্য একটি এক্সকাভেটর প্রয়োজন।
এলাকার মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতির প্রায় শতভাগ পূরণ করতে পেরেছেন বলে দাবি করেন কাউন্সিলর হাফিজুর। আগামী নির্বাচনে জয়ী হলে আরও কিছু কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর। ওয়ার্ডের জন্য একটি ভালো মানের কমিউনিটি সেন্টার, ওয়ার্ড কার্যালয়, খেলার মাঠ ও পুকুর খনন করার ইচ্ছা রয়েছে তাঁর।
গতবার এই ওয়ার্ড থেকে আওয়ামী লীগের সমর্থনে নির্বাচন করেছিলেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক টি এম আরিফ। এবারও দল যদি তাঁকে সমর্থন দেয়, তাহলে তিনি নির্বাচন করতে আগ্রহী। তিনি প্রথম আলোকে বলেন, একসময় সব থেকে অবহেলিত ওয়ার্ড ছিল এটি। তবে এবার সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের আন্তরিকতায় ও সরাসরি হস্তক্ষেপে ওয়ার্ডের অনেক উন্নয়ন হয়েছে। ওয়ার্ডে কোনো কমিউনিটি সেন্টার ও ওয়ার্ড কার্যালয় নেই। তিনি নির্বাচিত হলে সেগুলো নিয়েই কাজ করতে চান।
গতবার এই ওয়ার্ড থেকে আওয়ামী লীগের সমর্থন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সহসভাপতি এস এম রাজুল হাসান। এবার অবশ্য দল সমর্থন না দিলে নির্বাচন করবেন না বলে জানান তিনি।
১৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মো. মসিউর রহমান নির্বাচন করতে চান এই ওয়ার্ড থেকে। তিনি বলেন, দল এখানে বড় ব্যাপার নয়। মানুষ যাঁকে পছন্দ করবে, তাঁকে ভোট দেবেন। তিনি নির্বাচিত হলে এলাকার মানুষকে নিয়ে উন্নয়নকাজ করতে চান। পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলর অফিস ও কমিউনিটি সেন্টার করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।