রোকনুজ্জামান
রোকনুজ্জামান

শেরপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ দুজন নিহত

শেরপুরে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ছয়জন আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম রোকনুজ্জামান। তিনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা। তিনি শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি শেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। অন্যদিকে ওই দুর্ঘটনায় আরেক নারী নিহত হয়েছেন। তাঁর নাম মাহফুজা বেগম। তিনি জামালপুরের মেলান্দহ উপজেলার মাটিয়াপাড়া গ্রামের নীরব মিয়ার স্ত্রী।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, আজ সকালে জামালপুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় রোকনুজ্জামান ও মাহফুজাসহ পাঁচ যাত্রী শেরপুরে আসছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শিমুলতলী এলাকার মুসলিহে উম্মাহ মহিলা মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গুরুতর আহত হন কয়েকজন। তাঁদের স্থানীয় লোকজন উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে রোকনুজ্জামান ও মাহফুজা বেগমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত ছয়জনকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান বলে জানান শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।