মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নৌকায় নাফ নদী অতিক্রম করে কক্সবাজারের টেকনাফে আশ্রয় নিয়েছেন সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর বর্ডার গার্ড পুলিশের ( বিজিপি) আরও ৮৮ জন সদস্য। আজ রোববার বেলা ১১টার দিকে নাফ নদীর বাংলাদেশ জলসীমানায় পৌঁছালে বিজিপি সদস্যদের থামায় বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী। দুপুরে নাফ নদী থেকে বিজিপি সদস্যদের টেকনাফ স্থলবন্দরের কাছে টেকনাফ কোস্টগার্ড স্টেশনে আনা হয়। এরপর তাঁদের নাম-ঠিকানাসহ পরিচয় শনাক্তের কাজ শুরু হয়।
৮৮ বিজিপি সদস্যের টেকনাফে আশ্রয় নেওয়ার তথ্য নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, সবাইকে বিজিবির হেফাজতে পাঠানো হচ্ছে।
এর আগে গতকাল শনিবার নাফ নদী অতিক্রম করে তিন দফায় বিজিপির ৪০ জন সদস্য টেকনাফে আশ্রয় নেন। তাঁরাও বিজিবির হেফাজতে রয়েছেন। ওই ৪০ জনকে হ্নীলা উচ্চবিদ্যালয়ে রাখা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।
সীমান্তের একাধিক সূত্র জানায়, ৮৮ জন বিজিপি সদস্য রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের উত্তরে কাওয়ারবিল বিজিপি ১ নম্বর সেক্টরের সদস্য। গত শুক্রবার রাতে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) সেক্টরটি দখল করে নিলে বিজিপি সদস্যরা পালিয়ে যান। তাঁদের কেউ মংডু টাউনশিপের পেছনে (পূর্ব দিকে) কালাদান পাহাড়ে আত্মগোপন করেন। কেউ নাফ নদী অতিক্রম করে টেকনাফ পালিয়ে আসছেন।
কোস্টগার্ড সূত্র জানায়, নাফ নদী অতিক্রম করে টেকনাফে অনুপ্রবেশের সময় বিজিপির ৮৮ জন সদস্যকে আটক করে কোস্টগার্ডের টহল দল। এ সময় বিজিপি সদস্যরা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এরপর সবাইকে নিরস্ত্র করে কোস্টগার্ডের টেকনাফ স্টেশনে আনা হয়।
টেকনাফ স্থলবন্দরে আমদানি পণ্য নিয়ে আসা মিয়ানমারের কয়েকজন ব্যবসায়ী বলেন, সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির (এএ) টানা আড়াই মাস ধরে লড়াই চলছে। ইতিমধ্যে মংডু টাউনশিপের উত্তর-দক্ষিণ এবং পূর্ব পাশের রাচিডং টাউনশিপসহ ১৪টি থানা ও পুলিশ ফাঁড়ি দখলে নিয়েছে আরাকান আর্মি। এখন মংডুটাউন দখলের জন্য মরিয়া আরাকান আর্মি। যদিও মংডু টাউনশিপের চারদিক এখন আরাকান আর্মির দখলে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে আরাকান আর্মির সদস্যরা কাওয়ারবিল এলাকার বিজিপির ১ নম্বর সেক্টরে হামলা চালায়। শুক্রবার রাতে আরকান আর্মি ওই সেক্টরটি দখলে নিয়ে নেয়। প্রাণ বাঁচাতে সেক্টরের সাত শতাধিক বিজিপি সদস্য এদিক-সেদিক আত্মগোপন করেন। তাঁদের কেউ কেউ নাফ নদী পাড়ি দিয়ে টেকনাফে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন।
ইতিমধ্যে কয়েক দফায় ৬১৮ জন মিয়ানমার সেনা, বিজিবি ও ইমিগ্রেশন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। এর মধ্যে ২৮৮ জনকে গত ২৫ এপ্রিল এবং ৩৩০ জনকে ১৫ ফেব্রুয়ারি জাহাজে করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।