
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় পুলিশের কাছ থেকে হাতকড়া পরানো অবস্থায় ধর্ষণ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুর রাজ্জাকসহ (৪০) পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার দুপুরে উপজেলা সাবরেজিস্ট্রি অফিস এলাকা থেকে আবদুর রাজ্জাককে র্যাব-১০ গ্রেপ্তার করে। এর আগে একই মামলায় গতকাল দুপুরে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করে থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।
গ্রেপ্তার অন্য আসামিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—আবদুস সাত্তার (৫০) ও তাঁর ছেলে ইমরান হোসেন (২৮)। এ ছাড়া গ্রেপ্তার অন্য দুই নারীর পরিচয় পাওয়া যায়নি। এদিকে আবদুর রাজ্জাক ষোলঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ মার্চ শ্রীনগর উপজেলার এক নারী একই উপজেলার আবদুস সাত্তারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। এ মামলায় ১৬ মে শ্রীনগর থানা-পুলিশ অভিযুক্ত সাত্তারকে গ্রেপ্তার করে। পরে সাত্তারকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসার সময় স্থানীয় লোকজন পুলিশের ওপর হামলা চালান। এ সময় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ সাত্তারকে ছিনিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় ওই দিন রাতে শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) আবু মুসান্না পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের অভিযোগে ৫ থেকে ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় ষোলঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুর রাজ্জাককেও আসামি করা হয়।
আদালতে পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বলেন, গ্রেপ্তার পাঁচজনকে আজ দুপুরে আদালতে নেওয়া হয়। এর মধ্যে আবদুস সাত্তার ও তাঁর ছেলে ইমরান হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানি হবে। পরে আদালতের নির্দেশে পাঁচ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।