
পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বসাকবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে বাদল আকন (২৫) নামের একজন যাত্রী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে কুয়াকাটা যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
বাদল আকন বাকেরগঞ্জের নন্দপাড়া গ্রামের আ. মজিদ আকনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ঢাকার সায়েদাবাদ থেকে একটি বাস যাত্রী নিয়ে কুয়াকাটা যাচ্ছিল। রাত আনুমানিক তিনটার দিকে বাসটি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বসাকবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় যাত্রীদের ডাক-চিকৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং আহত ব্যক্তিদের উদ্ধার করেন। তবে ঘটনাস্থলে বাদল আকন মারা যান।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ দুর্ঘটনায় আরও সাত থেকে আটজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত বাদল আকনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।