চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারপত্র তৈরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে ফটিকছড়ি বিবিরহাট সদরের একটি দোকান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন সুমি আক্তার ও উজ্জ্বল বড়ুয়া। এর মধ্যে সুমি আক্তার বখতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য। যে দোকানে প্রচারপত্র তৈরির কাজ চলছিল, সেখানে কম্পিউটার অপারেটর হিসেবে রয়েছেন উজ্জ্বল বড়ুয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, সুমি আক্তারের নির্দেশনা অনুযায়ী বিবিরহাট সদরের দোকানটিতে বসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারপত্র তৈরি করছিলেন উজ্জ্বল বড়ুয়া। সুমি আক্তারও দোকানে ছিলেন। গোপনে খবর পেয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা দোকানটিতে যান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ফটিকছড়ি পৌর যুবদলের সহসভাপতি মো. ইব্রাহীম বলেন, ‘দোকানে বসে আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় হাতেনাতে দুজনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান প্রথম আলোকে বলেন, সম্প্রতি সন্ত্রাসবিরোধী আইনে থানায় হওয়া একটি মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে আদালতে পাঠানো হয়েছে তাঁদের।