এসআইকে চায়ের মগ দিয়ে আঘাত করে পালালেন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি

ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র
ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার অভিযানে গেলে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলামকে (৩৮) চায়ের মগ দিয়ে আঘাত করে পালিয়ে গেছেন মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামি। গতকাল বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

পরোয়ানাভুক্ত আসামির নাম ইয়াছিন মিয়া (৩০)। তিনি জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকার বাসিন্দা। মাদক, ডাকাতিসহ তাঁর বিরুদ্ধে তিনটি মামলা আছে। আহত এসআই মো. সাইফুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় কর্মরত।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি মাদক মামলায় ইয়াছিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে সদর থানার পুলিশ। ওই মামলায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ইয়াছিন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অবস্থান করছেন বলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে পুলিশ। ইয়াছিনকে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গ্রেপ্তারের জন্য রেলস্টেশন এলাকায় অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার করতে এগিয়ে গেলে স্টেশনের পাশের একটি চায়ের দোকান থেকে মগ নিয়ে এসআই সাইফুলের মাথায় আঘাত করে পালিয়ে যান ইয়াছিন। এতে এসআই মাথা ও মুখে আঘাত পান। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা এসআইকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম প্রথম আলোকে বলেন, পালিয়ে যাওয়া মাদক মামলার আসামির হামলায় এসআই সাইফুলের মাথার দুই পাশে কেটে গেছে। সেখানে ১২-১৩টি সেলাই পড়েছে। মুখের বাঁ পাশের চোয়ালে আঘাত লেগেছে। এ ঘটনায় ইয়াছিনের বিরুদ্ধে থানায় নতুন একটি মামলা হয়েছে। পলাতক ইয়াছিনকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।