
চট্টগ্রামের আনোয়ারায় শঙ্খ নদে নৌকা উল্টে নিখোঁজ যুবকের লাশ পাওয়া গেছে। তাঁর নাম মো. সবুজ মিয়া (২৮)। আজ শনিবার দুপুর ১২টার সময় ঘটনাস্থলের এক কিলোমিটার দক্ষিণে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের মাতবর হাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের খুরস্কুল গোদারপাড় এলাকায় নৌকা উল্টে নিখোঁজ হন তিনি।
সবুজ মিয়া নোয়াখালীর চাটখিল উপজেলার মো. সোলায়মানের ছেলে। তিনি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিমালয়ার আগ্রাবাদ এলাকার বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, মাতবর হাট এলাকায় শঙ্খ নদে ভাসতে থাকা সবুজ মিয়ার লাশ দেখেন স্থানীয় লোকজন। পরে নৌকায় করে লাশটি তীরে আনা হয়।
সবুজের স্ত্রী সেলিনা আকতার প্রথম আলোকে বলেন, ‘বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে মারা গেলেন আমার স্বামী। দুই সন্তান নিয়ে আমি পথে বসে গেলাম।’ তিনি লাশ নিয়ে নোয়াখালী যাবেন বলে জানান। সেখানে পারিবারিকভাবে তাঁর দাফন করা হবে।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসাইন বলেন, ‘আমরা স্থানীয় ব্যক্তিদের সহায়তায় লাশ উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিয়েছি।’
গতকাল খুরস্কুল গোদারপাড় এলাকায় মো. সবুজ মিয়া (২৮), মো. ফারুক (২৭), মো. রায়হান (২৭), মো. কায়সার (২৬) ও মো. পারভেজ (২৯) শঙ্খ নদের তীরে রশি দিয়ে বাঁধা ডিঙি নৌকায় ওঠেন। নদে নামাতেই নৌকাটি ডুবে যায়। এ সময় চারজন কূলে উঠতে পারলেও তলিয়ে যান সবুজ। ২৪ ঘণ্টা পর আজ তাঁর লাশ পাওয়া যায়।