দৃষ্টিপ্রতিবন্ধী শাহাদত হোসেনের (৪২) জীবন চলে দোতারায় সুর তুলে, গান গেয়ে। কখনো ভাওয়াইয়া, কখনো জারি-সারি-ভাটিয়ালি গান গেয়ে থাকেন। ২০ বছরের বেশি সময় ধরে তিনি রংপুরের গ্রাম-জনপদ-হাটে-মাঠে ঘুরে বেড়ান। গান শুনে মানুষ যা দেয় তা দিয়েই চলে স্ত্রী, এক ছেলে ও বৃদ্ধ বাবাকে নিয়ে তাঁর সংসার।
শাহাদত হোসেনের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের ধোপাকুল এলাকায়। নিজের ভিটায় থাকেন। তবে তাঁর কোনো আবাদি জমি নেই।
জন্মের পর থেকেই দুই চোখে ভালো দেখতে পান না তিনি। মানুষের সহযোগিতা নিয়ে চলেন।
পথ চলতে গিয়ে শাহাদত হোসেনের সঙ্গে দেখা মিঠাপুকুরের ধোপাকুল চারমাথার মোড়ে এক চায়ের দোকানে। সেখানে বসেই ধরেছেন ভাওয়াইয়া গান। এ সময়ের জনপ্রিয় গান ‘সাদা সাদা কালা কালা’ দোতারায় সুর তুলে গাইলেন। এভাবে একে একে অনেকগুলো গান পরিবেশন করেন। চায়ের দোকানে ভিড় জমে যায়। মাটি ও মানুষের প্রাণের গান উপভোগ করেন উপস্থিত মানুষ। এমনি করে কেটে যায় ঘণ্টাখানেক। গান শেষে শাহাদত চলে যাওয়ার বেলায় মানুষ কিছু অর্থ তুলে দেন তাঁর হাতে।
কথা হয় বয়াতি শাহাদতের সঙ্গে। বললেন, তাঁর বাবা আগে গান গাইতেন। বাবার সঙ্গে তিনি এখানে-ওখানে যেতেন। বাবার সঙ্গে থাকতে থাকতে গান গাওয়া শিখেছেন।
ছোটবেলা থেকেই গান গাইছেন। অভাবের সংসার হলেও কারও কাছে হাত পাতেন না।
গান শুনে মানুষ খুশি হয়ে যা দেন, তা দিয়েই তাঁর সংসার চলে। দিনে কেমন আয়রোজগার হয় জানতে চাইলে বলেন, ‘৩০০ থেকে ৪০০ টাকা আয় হয়। কোনো দিন এর থাকি বেশি টাকাও পাওয়া যায়।’
আর কিছু জানতে চাওয়ার আগেই শাহাদত দোতারায় সুর তোলেন। গাইতে থাকেন, ‘দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি, বড় আশার বাসা এ ঘর পড়ে রবে কোথা রে তা ঠিক নাই তারই।’