
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি মাদ্রাসায় বজ্রপাতের সময় বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিস্ফোরণ হয়ে একজন শিক্ষক ও চারজন ছাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত এক ছাত্রীকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের লাকচতল গ্রামের লাকচতল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
আহত ওই শিক্ষকের নাম আবদুল মান্নান। তিনি মাদ্রাসাটির সহকারী সুপার। আর আহত ছাত্রীরা হলো মোছা. রিয়া আক্তার, মোছা. মৌমিতা, আশা মনি ও মোছা. নীলা। তাঁরা সবাই নবম শ্রেণির শিক্ষার্থী। তাঁদের মধ্যে মৌমিতা গুরুতর আহত হয়েছে।
মাদ্রাসার কম্পিউটারবিজ্ঞান বিষয়ের শিক্ষক আবদুর রহিম প্রথম আলোকে বলেন, আজ দুপুরে মাদ্রাসার আধা পাকা ভবনটিতে ক্লাস চলছিল। ১২টার দিকে আকাশ অন্ধকার হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বৃষ্টি। বেশ কিছুক্ষণ বৃষ্টির পর প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। এ সময় নবম শ্রেণির ওই কক্ষের বৈদ্যুতিক সুইচবোর্ড ও অন্য ইলেকট্রনিক যন্ত্রপাতিতে বিস্ফোরণ ঘটে। এগুলো ভেঙেচুরে প্রচণ্ড গতিতে ছিটকে এসে শ্রেণিকক্ষের শিক্ষক-শিক্ষার্থীদের শরীরে আঘাত করে। এতে চার শিক্ষার্থী ও এক শিক্ষক আহত হন। আহত শিক্ষক-শিক্ষার্থীদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে আহত মৌমিতাকে পাঠানো হয় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।