মাগুরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

মাগুরা জেলার মানচিত্র
মাগুরা জেলার মানচিত্র

মাগুরায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে লাবণ্য আক্তার (১৪) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের চৌরঙ্গীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাবণ্য আক্তার জেলার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের কুমরুল গ্রামের শফিউল আলমের মেয়ে। সে ঢাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহত লাবণ্য আক্তারের খালাতো ভাই সালভিন আলম বলেন, ঈদের ছুটিতে ঢাকা থেকে মাগুরায় আসে লাবণ্য ও তার পরিবার। আজ নানাবাড়ি শ্রীপুর উপজেলার গোয়ালপাড়ার মজিদ বিশ্বাসের বাড়ি থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশে ব্যাটারিচালিত ইজিবাইকে করে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে যাচ্ছিল। পথে চৌরঙ্গীর মোড় এলাকায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হয় লাবণ্য। এ সময় তিনি ও লাবণ্যের মা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ওই কিশোরীর লাশ সদর হাসপাতালে রয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।