
যশোরের কেশবপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় যশোর-সাতক্ষীরা সড়কে আলতাপোল বুজতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই মারা যান খুলনার ডুমুরিয়া উপজেলার বেতা গ্রামের জাহাঙ্গীর জোয়ারদার (৪০) ও তাঁর ছেলে মোস্তাইন জোয়ারদার (১৭)। আরেকটি মোটরসাইকেলের চালক মো. মোস্তফা (২২) নিহত হন। তাঁর বাড়িও ডুমুরিয়া উপজেলার বেতা গ্রামে।
কেশবপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শংকর বিশ্বাস বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যশোর-সাতক্ষীরা সড়কে আলতাপোল বুজতলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর ও মোস্তাইনের লাশ উদ্ধার করা হয়। মোস্তফা তখনো জীবিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তাঁর মৃত্যু হয়। লাশ তিনটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাইন তাঁর বাবাকে নিয়ে মোটরসাইকেলে কেশবপুর থেকে নিজ বাড়ি বেতা গ্রামে যাচ্ছিল। অন্যদিকে মোস্তফা তাঁর বাড়ি থেকে কেশবপুরের দিকে আসছিলেন। পথে আলতাপোল বুজতলা এলাকায় একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান রাত নয়টার দিকে বলেন, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।