
দিনাজপুর সদর উপজেলার একটি পুকুরে ভাসমান এক মা ও তাঁর দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার শশরা ইউনিয়নের ভবাইনগর চুনিয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকছেদ আলী বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
লাশ উদ্ধার হওয়া ওই মায়ের নাম অষ্টমী বালা (২৮)। তিনি উপজেলার ভবাইনগর চুনিয়াপাড়া এলাকার উজ্জ্বল দেবনাথের স্ত্রী। পেশায় তিনি একজন চুন ব্যবসায়ী। মায়ের সঙ্গে লাশ উদ্ধার হওয়া ওই দম্পতির দুই সন্তানের নাম গৌতম দেবনাথ (৮) ও প্রীতম দেবনাথ (৩)।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক মাস আগেই ওই পুকুরটি খনন করা হয়। পুকুরে পানিও ছিল বেশি। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ির পাশের পুকুরে মা ও দুই সন্তানের লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। এরপর মৃত অবস্থায় তাঁদের উদ্ধার করেন। তাঁদের ধারণা, দুপুরের পর কোনো এক সময়ে দুই সন্তানকে নিয়ে পুকুরে গোসল করতে যান অষ্টমী বালা। দুই সন্তান পুকুরের পানিতে তলিয়ে যাওয়ায় তাঁদের উদ্ধার করতে গিয়ে মায়েরও মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মওলা শাহ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাঁরা জানিয়েছেন, পুকুরে কাপড় কাচা ও গোসল করতে গিয়ে হয়তো ছেলেরা পানিতে ডুবে গেছে। তাদের বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু হয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এরপরও কারও যদি কোনো অভিযোগ থাকে সে ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।