ছিনতাই
ছিনতাই

কয়রায় জুতা ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

খুলনার কয়রা উপজেলায় এক জুতা ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার শ্রীফলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ওই ব্যবসায়ীর নাম ইয়াসিন সরদার। তিনি শ্রীফলতলা গ্রামের বাসিন্দা। কয়রার ঘুগরাকাটি বাজারে তাঁর জুতার পাইকারি ব্যবসা আছে।

স্থানীয় একাধিক ব্যবসায়ীর ভাষ্য, গতকাল ইয়াসিন সরদারের ব্যবসাপ্রতিষ্ঠানে হালখাতা ছিল। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে শ্রীফলতলা এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তাঁর কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ইয়াসিনকে অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ইয়াসিনের মেয়ে নাহিদা ইয়াসমিন বলেন, ঘটনার সময় তিনি বাবার সঙ্গে ছিলেন। বাড়ির কাছাকাছি একটি ফাঁকা স্থানে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা পাঁচ থেকে সাতজন দুর্বৃত্ত তাঁদের পথরোধ করে। তাঁরা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে তাঁর বাবা বাধা দেন। একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁর বাবার মাথায় এলোপাতাড়ি কোপ দেয় এবং ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ব্যাগে নগদ প্রায় পাঁচ লাখ টাকা ছিল বলে তাঁর দাবি।

ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে কয়রা থানার ওসি (তদন্ত) শাহ আলম বলেন, ছিনতাইয়ের বিষয়টি মৌখিকভাবে জানা গেছে এবং জড়িত ব্যক্তিদের আটকে অভিযান চলছে।