
ঈদের দ্বিতীয় দিন একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিন বন্ধু। এর মধ্যে পথে ওই মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারালে এক বন্ধু ঘটনাস্থলেই মারা গেছেন। আজ রোববার বেলা ১১টার দিকে জামালপুরের ইসলামপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম রাফিকুল ইসলাম (১৮)। তিনি ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার আবদুল বারেকের ছেলে। তিনি ইসলামপুর উপজেলার গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এ দুর্ঘটনায় রাফিকুল ইসলামের দুই বন্ধু গুরুতর আহত হয়েছে। তারা হলো একই এলাকার ফুল উদ্দিনের ছেলে মো. ইউসুফ (১৭) ও রাজু মিয়ার ছেলে মো. রায়হান (১৬)। তারা দুজন হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে রাফিকুল তাঁর দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে দেওয়ানগঞ্জ উপজেলায় ঘুরতে যাচ্ছিলেন। রাফিকুল নিজেই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। পথে ইসলামপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাঙ্গালিয়া এলাকা অতিক্রমের সময় রাফিকুল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশের গাছকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাফিকুলের মৃত্যু হয়।
তৎক্ষণাৎ স্থানীয় লোকজন আহত ইউসুফ ও রায়হানকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য ইউসুফকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, নিহত তরুণের লাশ তাঁর পরিবারের লোকজন ঘটনাস্থল থেকেই নিয়ে গেছেন।