ইসলামী বিশ্ববিদ্যালয়

ছাত্রী লাঞ্ছিতের ঘটনার বিচার দাবি, একজনকে হল থেকে বহিষ্কার

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের বিচার চেয়ে ছাত্রীদের বিক্ষোভ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় বেগম খালেদা জিয়া হলে
ছবি: প্রথম আলো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের আবাসিক ছাত্রী পপি আক্তারকে ক্যাম্পাসে লাঞ্ছিতের ঘটনার বিচার চেয়ে ওই হলের দেড় শতাধিক ছাত্রী অভিযুক্ত ছাত্রের বিচার দাবি করে উপাচার্যের কাছে লিখিত আবেদন দিয়েছেন। আজ শুক্রবার সকালে দেওয়া ওই আবেদনে ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে হলের এক ছাত্রীকে দায়ী করে তাঁর সিট বাতিলের দাবি জানানো হয়েছে।

ইতিমধ্যে এ ঘটনায় তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে অভিযুক্ত ছাত্রী সৈয়দা সায়মা রহমানের হলের সিট বাতিল করে তাঁকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এদিকে সায়মা রহমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পপি আক্তারসহ হলের ১৩ ছাত্রীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ করছেন।

পপি আক্তার ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (স্নাতকোত্তর) বাংলা বিভাগের ছাত্রী। তাঁকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ছাত্রের নাম মেহেদী হাসান হাফিজ। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ছাত্র। স্নাতকোত্তর শেষ হওয়ার পরও মেহেদী অবৈধভাবে হলে থাকছেন। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদের অনুসারী বলে জানা গেছে।
ছাত্রীদের লিখিত আবেদনে বলা হয়েছে, মেহেদীকে এ ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তিনি ক্যাম্পাসে যাতে প্রবেশ করতে না পারেন, সে ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে।

এদিকে ছাত্রীরা লিখিত অভিযোগ দেওয়ার পর আজ শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে বেগম খালেদা জিয়া হল প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও প্রক্টর বিষয়টি নিয়ে ছাত্রীদের সঙ্গে আলোচনায় বসেন। সেখানে এ ঘটনায় জড়িত থাকা ২০২০-২১ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী সায়মা রহমানের সিট বাতিলের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে লাঞ্ছনার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। ওই তদন্ত কমিটিতে বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষিকা মাহবুবা সিদ্দিকাকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন আবাসিক শিক্ষক নাজমুল হুদা ও আবাসিক শিক্ষিকা নাহিদা আক্তার।

পপি আক্তার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক পদে রয়েছেন। তাঁকে লাঞ্ছিত করায় ছাত্রলীগের কর্মী মেহেদী হাসানের শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী ও ছাত্র ইউনিয়ন।

এদিকে সিট বাতিল হওয়া ছাত্রী সায়মা রহমান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বেগম খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষের কাছে পাল্টা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগে তিনি পপি আক্তারসহ হলের ১৩ ছাত্রীর বিরুদ্ধে র‌্যাগিংয়ের মাধ্যমে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন। ঘটনার বিচার দাবি করেছেন তিনি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটি তদন্ত কমিটি করেছে বেগম খালেদা জিয়া হল প্রশাসন। তিন সদস্যের ওই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে হলের আবাসিক শিক্ষক নাজমুল হাদিকে। কমিটির অন্য সদস্যরা হলেন আবাসিক শিক্ষিকা মাহবুবা সিদ্দিকা ও নাহিদা আক্তার।

এদিকে পপি আক্তার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক পদে রয়েছেন। তাঁকে লাঞ্ছিত করায় ছাত্রলীগের কর্মী মেহেদী হাসানের শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ইবি সংসদ। একই সঙ্গে ওই ছাত্রের শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছে ছাত্র ইউনিয়নও। ক্যাম্পাসের ভেতরে সংস্কৃতিকর্মীকে ছাত্রলীগের কর্মী শারীরিকভাবে লাঞ্ছিত করায় ক্ষোভ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছে সংগঠন দুটি।

গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের মেহেদীর সুপারিশে গণরুম থেকে হলের নতুন ব্লকের ২০৪ নম্বর কক্ষের সিটে ওঠেন সায়মা রহমান। ওই কক্ষেই থাকেন স্নাতকোত্তরের ছাত্রী পপি আক্তার। সায়মা কক্ষে উঠে তাঁর পছন্দমতো স্থানে থাকতে চাইলে ওই কক্ষের সিনিয়র ছাত্রী পপি আক্তারসহ অন্য ছাত্রীরা আপত্তি জানান। এ সময় সায়মা সিনিয়র ছাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ।

ওই ছাত্রের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রীরা আন্দোলন চালিয়ে যাবেন বলে স্লোগান দেন। গতকাল রাত সাড়ে সাতটায় বেগম খালেদা জিয়া হলে

পরে নতুন কক্ষে বাগ্‌বিতণ্ডার কথা সায়মা তাঁর ছেলে বন্ধু ছাত্রলীগের কর্মী মেহেদী হাসানকে জানালে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেহেদী কয়েকজন ছাত্রলীগের নেতা-কর্মী নিয়ে প্রধান ফটকের সামনে পপিকে লাঞ্ছিত করেন। এ সময় পপির সঙ্গে থাকা বন্ধু আইসিটি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পথিক প্রতিবাদ করলে তাঁকে মারধর করেন মেহেদী ও তাঁর সহযোগীরা।

এ ঘটনা জানাজানির পর বেগম খালেদা জিয়া হলের আবাসিক ছাত্রীরা হল প্রাঙ্গণে বিক্ষোভ করেন।

বেগম খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ ইয়াসমিন আরা বলেন, হলের দেড় শতাধিক ছাত্রী স্বাক্ষরসহ সায়মার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে লিখিত আবেদন দিয়েছেন। তাঁর সিট বাতিল ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিচার দাবি করেছেন। সায়মাকে হল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মেহেদী হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্টরিয়াল বডির কাছে সুপারিশ করা হয়েছে। অন্যদিকে সায়মা পৃথক আরেকটি অভিযোগ দিয়েছেন। সেটির তদন্তেও কমিটি করা হয়েছে।

ছাত্রলীগের ক্ষোভ

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, আজ বেলা দুইটার দিকে জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন ভূঁইয়া মসজিদ থেকে বের হওয়ার সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা কোষাধ্যক্ষকে ঘিরে ধরেন। এ সময় তাঁরা কেন তাঁদের কর্মী সায়মাকে হল থেকে বহিষ্কার করা হলো, সে বিষয়ে জানতে চান। হলের ছাত্রীদের লিখিত অভিযোগ ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কোষাধ্যক্ষ তাঁদের জানান। এ সময় তাঁরা আগামীকাল শনিবার বেলা দুইটা পর্যন্ত সায়মার সিট বহাল এবং র‌্যাগিংয়ের বিচারের সময়সীমা বেঁধে দেন। না হলে বিশ্ববিদ্যালয়ের সব হলসহ ক্যাম্পাসে পাল্টা আন্দোলন গড়ে তোলার হুমকি দেন।

এ ব্যাপারে কোষাধ্যক্ষ আলমগীর হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগ তাদের দাবি জানিয়েছে। অপর ছাত্রীকে র‌্যাগিংয়ের বিচার কেন হয়নি, এটি জানতে চেয়েছে। ওই ছাত্রী তখনো অভিযোগ না করায় এ বিষয়ে আলোচনা হয়নি জানিয়েছি। হল কর্তৃপক্ষ তদন্ত কমিটি করেছে। প্রক্টরের কাছে সুপারিশ করেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। ভিসি স্যার ক্যাম্পাসে ফিরলে তাঁকে বিষয়টি জানাব।’

জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ আজ রাত সাড়ে নয়টার দিকে প্রথম আলোকে বলেন, পপি আক্তারকে লাঞ্ছিতের কোনো ঘটনা ঘটেনি। একটি মহল ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে হলের ছাত্রীদের আন্দোলনে নামিয়েছে। লাঞ্ছিত ছাত্রীর অভিযোগ ও র‌্যাগিং অভিযোগ দুটি বিষয়ের সুষ্ঠু তদন্ত চান তাঁরা। কিন্তু তদন্তের আগেই সায়মার সিট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।