কুড়িগ্রামের চিলমারীতে কালবৈশাখী ঝড়ের সময় নৌকার ধাক্কায় মিন্টু মিয়া (৩৮) নামে এক নৌকার মালিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ফরিদ হোসেন (৩২) নামে আরেক নৌকার মালিক ব্রহ্মপুত্র নদে পড়ে নিখোঁজ হয়েছেন।
গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে চিলমারী উপজেলার কড়াইবরিশাল ইউনিয়নের গাজীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল হাওয়াসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় ব্রহ্মপুত্র নদের ঘাটে বাঁধা নিজেদের নৌকা দেখতে যান মিন্টু মিয়া ও ফরিদ হোসেন। ঝড়ের তীব্রতায় ঘাটে বাঁধা একটি নৌকার দড়ি ছিঁড়ে সেটি মিন্টু মিয়ার শরীরের ওপর আছড়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আর ফরিদ হোসেন ব্রহ্মপুত্র নদে পড়ে নিখোঁজ হন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আঙ্গুর মিয়া এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
আজ রোববার সকাল ৯টার দিকে মিন্টু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। নিখোঁজ ফরিদ হোসেনকে উদ্ধারে স্বজন ও এলাকাবাসী এখনো নদীতে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন।
চিলমারী মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক আসমা আক্তার বলেন, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।