শিকার করা সরালি কিনে নিয়ে মুক্ত করলেন তিনি

শিকারির কাছ থেকে এই সরালি হাঁসটি কিনে মুক্ত করা হয়েছে। গাজীপুরের শ্রীপুরের বহেরারচালা গ্রামে সোমবার দুপুরে
ছবি: সংগৃহীত

খাওয়ার জন্য পাখিশিকারির কাছ থেকে সরালি (একজাতীয় হাঁস) কিনে বাড়ি ফিরছিলেন একজন। বাড়ি নিয়ে যাওয়ার পথে তা দেখে এটি ছেড়ে দিতে বলেন এলাকার লোকজন। কিন্তু ওই ব্যক্তি বলেন, ৪০০ টাকা দিয়ে সরালিটি কিনেছেন। পরে এটি তাঁর কাছ কিনে নিয়ে মুক্ত করে দেন এলাকার আরেক ব্যক্তি।

আজ সোমবার দুপুর ১২টার দিকে গাজীপুরের শ্রীপুরের বহেরারচালা গ্রামে এ ঘটনা ঘটে। সরালিটি মুক্ত করে দেওয়া ব্যক্তির নাম শফিক কামাল। তিনি পেশায় ভূমি জরিপকারী। আর এটি কিনে বাড়ি নিয়ে যাচ্ছিলেন একই গ্রামের মো. নুরুল ইসলাম।

স্থানীয় লোকজন বলেন, বহেরারচালা গ্রামের পাশের একটি জলাশয় থেকে সরালিটি শিকার করেন এক শিকারি। এর মাংস খাওয়ার জন্য শিকারির কাছ থেকে ৪০০ টাকা দিয়ে কিনে নেন নুরুল ইসলাম। সেটি নিয়ে তিনি গ্রামের পথ ধরে বাড়ি যাচ্ছিলেন। পথে দোকানে বসে চা পান করছিলেন শফিক কামালসহ কয়েকজন। তাঁর হাতে সরালি দেখে নুরুল ইসলামকে সেটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন শফিক কামাল। শফিক তাঁকে বলেন, সরালি শিকার ও বিক্রি নিষিদ্ধ। তখন নুরুল বলেন, ৪০০ টাকা খরচ করে সরালিটি কিনেছেন তিনি। পরে শফিক কামাল ৪০০ টাকা পরিশোধ করে এটি কেনার প্রস্তাব দেন। এতে নুরুল ইসলাম রাজি হয়ে যান।

নুরুল ইসলাম বলেন, তিনি সাধারণ হাঁস ভেবে ওই শিকারির কাছ থেকে এটি কিনেছিলেন। এটি ধরা ও বিক্রি নিষেধ, এমনটা তিনি জানতেন না। বিষয়টি জানা থাকলে ওই শিকারিকেও ধরতে পারতেন।

স্থানীয় হজরত আলী বলেন, সরালিটির পা ও পাখনা শক্ত করে বাঁধা ছিল। তবে বাঁধন খুলে দেওয়ার পর এটি চলে যায়।

শফিক কামাল বলেন, প্রথমে সেটিকে সাধারণ হাঁস মনে হচ্ছিল। কাছে আসার পর সেটি সরালি বলে নিশ্চিত হন তিনি। এটি দেখে খুব মায়া হয়েছে। তাই টাকা দিয়ে কিনে সেটি ছেড়ে দিয়েছেন। বহেরারচালা গ্রামের পাশের জলাশয়গুলোয় প্রচুর সরালির দেখা পাওয়া যায়। একসময় অনেক সরালি দেখা গেলেও বর্তমানে এগুলোর সংখ্যা কমে গেছে।

বন বিভাগ সূত্র জানায়, সরালি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশে পাওয়া যায়। এই প্রজাতির হাঁসের সংখ্যা দিন দিন কমছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস (আইইউসিএন) এই প্রজাতিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্য প্রাণী আইনে হাঁসের এই প্রজাতি সংরক্ষিত।