ঝিনাইগাতী আওয়ামী লীগ

কমিটি গঠন নিয়ে মতবিরোধ

সম্মেলনের এক বছর পরও পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় দলের কার্যনির্বাহী পরিষদের কোনো সভা হয়নি। 

এক বছর আগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। কিন্তু সভাপতি-সাধারণ সম্পাদক পদ কারা পাবেন, তা নিয়ে ছিল মতবিরোধ। এ অবস্থায় কোনো ঘোষণা ছাড়াই শেষ হয় সম্মেলন। সম্মেলনের ৯ মাস পর কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। কিন্তু এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি।

দলের নেতা-কর্মীরা বলছেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনকে কেন্দ্র করেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দ্বন্দ্ব চলছে। তাঁরা সম্প্রতি আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করা শুরু করেছেন। এদিকে পূর্ণাঙ্গ কমিটিতে পদপদবি পাওয়ার আশায় থাকা দলের অনেক নেতা-কর্মী হতাশায় ভুগছেন। তাঁরা দলের কর্মসূচিতে অংশ নিচ্ছেন না।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৯ মে ঝিনাইগাতী আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। কিন্তু ওই দিন সম্মেলনে উপস্থিত নেতাদের মতৈক্য না হওয়ায় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়নি। পরে ৩ নভেম্বর কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সভাপতি হিসেবে এস এম এ ওয়ারেজ নাইম ও সাধারণ সম্পাদক হিসেবে বিশ্বজিৎ রায়ের নাম ঘোষণা করা হয়।

সম্মেলনের এক বছর হয়ে গেলেও উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। কেবল সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া আগের কমিটির সব নেতা এখন নিজেদের সাধারণ কর্মী বা সাবেক নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। ফলে অনেকের মধ্যে হতাশা বিরাজ করছে। তাঁরা দলের কর্মকাণ্ডে অংশ নিতে উৎসাহ হারিয়ে ফেলছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বলেন, সম্মেলনের এক বছর পরও পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় দলের কার্যনির্বাহী পরিষদের কোনো সভা হয়নি। এতে দলের সাংগঠনিক ভিত্তি দুর্বল হচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. কামাল হোসেন বলেন, সম্মেলনের এক বছর পরও পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় নেতা-কর্মীর মধ্যে হতাশা রয়েছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ অবস্থায় শিগগিরই উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা প্রয়োজন।

দলের নেতা-কর্মীরা বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়েছে। সম্প্রতি সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করা হচ্ছে। ১৭ মে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও ২২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পৃথকভাবে আলোচনা সভা, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এসব কর্মসূচির একটিতে নেতৃত্ব দেন উপজেলা সভাপতি ওয়ারেজ নাইম। একটিতে নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।

নেতা-কর্মীরা আরও বলেন, দলের কমিটি গঠনকে কেন্দ্র করেই সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলছে। দলের সভাপতি ওয়ারেজ নাইম বিএনপি ঘরানার ও স্বাধীনতাবিরোধী পরিবারের ৫-৬ জনের নাম দিয়ে একটি কমিটি অনুমোদনের জন্য জমা দিয়েছেন বলে গুঞ্জন আছে। এ ছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনে মনোনয়ন লাভের প্রত্যাশায় ওয়ারেজ নাইম পুরোদমে গণসংযোগ ও সমাবেশ করছেন। এসব সমাবেশে বর্তমান সংসদ সদস্য এ কে এম ফজলুল হকের বিরুদ্ধেও কথা বলছেন তিনি। ফলে সংসদ সদস্য ফজলুল হকের সঙ্গেও তাঁর (ওয়ারেজ নাইম) দূরত্ব অনেক বেড়ে গেছে।

ওয়ারেজ নাইম বলেন, দলে কোনো ‘গ্রুপিং’ নেই। সবাই ঐক্যবদ্ধভাবেই দলীয় কর্মসূচি পালন করছেন। তবে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক এলাকায় এলে অনেক সময় আলাদাভাবে কর্মসূচি পালন করেন। 

তবে বিশ্বজিৎ রায় বলেন, ওয়ারেজ নাইম কৌশলে ওই কমিটিতে তাঁর পছন্দের এবং বিএনপি ঘরানা ও স্বাধীনতাবিরোধী পরিবারের সদস্যদের নাম সেখানে অন্তর্ভুক্ত করে দেন। বিষয়টি জানার পর প্রস্তাবিত ওই কমিটির বিরোধিতা করে তিনি লিখিতভাবে অভিযোগ দেন। 

জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান বলেন, শিগগিরই যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।