
সারা দেশে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা নৈরাজ্য চালাচ্ছেন, এমন অভিযোগ এনে প্রতিবাদ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে এ কর্মসূচি হয়। মিছিলটি ক্যাম্পাসের সোহরাওয়ার্দী হল থেকে শুরু হয়ে শাহজালাল হল হয়ে জিরো পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল করা ছাত্রলীগের একাংশটি হলো শাখা ছাত্রলীগের উপপক্ষ ভার্সিটি এক্সপ্রেস। এই উপপক্ষ সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। ক্যাম্পাসে এর নেতৃত্ব দেন শাখা ছাত্রলীগের সহসভাপতি প্রদীপ চক্রবর্তী।
প্রদীপ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। অন্যদিকে বিএনপির আগুন-সন্ত্রাসীরা উন্নয়নের অগ্রযাত্রায় ব্যাঘাত ঘটাতে সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে। পদযাত্রার নাম দিয়ে তারা রাজধানীর মিরপুরে বাংলা কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে এবং নিরীহ পথচারীদের ওপর বর্বরতা চালিয়েছে। প্রশাসনকে এই হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রলীগ এই আগুন-সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি দীর্ঘদিন ধরে দুটি পক্ষে বিভক্ত। একটি পক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও আরেকটি সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে নিজেদের পরিচয় দেন। এই দুই পক্ষ আবার ১১টি উপপক্ষে বিভক্ত। এর মধ্যে আ জ ম নাছির উদ্দীনের ৯টি ও মহিবুল হাসানের দুটি উপপক্ষ রয়েছে।