গরুর ক্রেতাদের কাছ থেকে ৬০০ এবং বিক্রেতাদের কাছ থেকে ৩০০ টাকা আদায় করা হচ্ছে।

গাইবান্ধার বিভিন্ন পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বিক্রেতাদের কাছ থেকে হাসিলের নামে অবৈধভাবে টাকা নেওয়া হচ্ছে। প্রতিটি হাটে হাসিল আদায়ের তালিকা টাঙানো বাধ্যতামূলক। কিন্তু কোনো হাটেই ওই তালিকা টাঙানো হয়নি।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গবাদিপশুসহ ১২৫ প্রকার দ্রব্য বেচাকেনার জন্য হাসিল নির্ধারণ করা হয়েছে। এতে প্রতিটি গরু ও মহিষে সর্বোচ্চ ৪০০ টাকা, প্রতিটি ছাগল ও ভেড়ায় ১৫০ টাকা হাসিল নির্ধারণ করা হয়েছে। গবাদিপশুর ক্ষেত্রে কেবল ক্রেতারা হাসিল দেবেন, বিক্রেতারা নন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলায় ৪১টি পশুর হাট আছে। এর মধ্যে স্থায়ী পশুর হাট ২৬টি এবং কোরবানির ঈদের আগে অস্থায়ী পশুর হাট বসে ১৫টি। সদর উপজেলায় ৬টি, গোবিন্দগঞ্জে ১১, সুন্দরগঞ্জে ৮, পলাশবাড়ীতে ৪, সাদুল্লাপুরে ৪, সাঘাটায় ৫ ও ফুলছড়িতে ৩টি হাট রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার দারিয়াপুর ও লক্ষ্মীপুর; পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট; সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ ও পাঁচপীর; সাঘাটা উপজেলার ভরতখালী; ফুলছড়ি উপজেলার ফুলছড়ি; সাদুল্লাপুর উপজেলার মহিষবান্দি; গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ, ফাঁসিতলা হাটে অতিরিক্ত ও অবৈধভাবে হাসিল নেওয়া হচ্ছে।
গতকাল রোববার গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর হাটে গিয়ে দেখা যায় মাঠভর্তি গরু-ছাগল। হাটে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত হাসিল আদায়ের পাশাপাশি বিক্রেতাদের কাছেও হাসিল নেওয়া হচ্ছে। সদর উপজেলার চাপাদহ গ্রামের পলাশ মিয়া (৪০) বলেন, হাটে হাসিলের তালিকা টাঙানো হয়নি। ফলে ইজারাদারের লোকজন ইচ্ছেমতো হাসিল আদায় করছেন। ক্রেতাদের ৬০০ এবং বিক্রেতাদের ৩০০ টাকা দিতে হচ্ছে।
এর আগে গত শনিবার সাঘাটা উপজেলার ভরতখালী হাটেও একইভাবে টাকা আদায় করা হচ্ছে। ভরতখালীর পার্শ্ববর্তী গজারিয়া গ্রামের কৃষক আলম মিয়া (৫২) বলেন, হাটে তিনি একটি গরু বিক্রি করেছেন। হাসিল হিসেবে তাঁর কাছ থেকে ৬০০ টাকা নেওয়া হয়েছে। একই গ্রামের ব্যবসায়ী সোলায়মান আলী বলেন, এ হাটে কোরবানির গরু কিনে ৬০০ টাকা হাসিল দিতে হয়েছে।
শনিবার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে দুজনকে ৬০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল্লাহ বিন শফিক। গত শুক্রবার বিকেলে উপজেলার দারিয়াপুর পশুর হাটে গরু কিনতে যান কলেজশিক্ষক ময়নুল হক মন্ডল। তিনি বলেন, ‘একটি গরু কিনলে ক্রেতাকে ৪০০ টাকা হাসিল দেওয়ার জন্য প্রশাসন নির্ধারণ করে দিয়েছে। অথচ এ হাটে গরু কিনে আমাকে ৬০০ টাকা হাসিল দিতে হয়েছে।’ মোনারুল জানান, ইজারাদারের রসিদে কেবল ক্রেতার নাম ও পশুর মূল্য লেখা থাকে। হাসিল আদায়ের পরিমাণ লেখা থাকে না।
দারিয়াপুর ক্ষুদ্র ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি আবদুল জলিল বলেন, হাটে হাসিল আদায়ের তালিকা থাকলে ইজাদার অতিরিক্ত টাকা নিতে পারবেন না। তাই তালিকা টাঙানো হয়নি। অতিরিক্ত হাসিল আদায় বন্ধে দুই দফায় তাঁরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন। তবে কোনো কাজ হয়নি।
দারিয়াপুর, লক্ষ্মীপুর ও মাঠেরহাটের ইজারাদার আয়ান মিয়া বলেন, ‘সরকার ১৬ বছর আগে এই হাসিল নির্ধারণ করে। আমরা হাসিলের দর পরিবর্তনের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছি। প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। তবে আমরা পাইকারদের কাছ থেকে নিচ্ছি। কৃষকদের থেকে নিচ্ছি না।’
এ বিষয়ে জেলা প্রশাসক অলিউর রহমান বলেন, পশুর হাটে যাতে অতিরিক্ত ও অবৈধভাবে হাসিল আদায় করা না হয়, সে জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে।