সম্মেলনের এক দিন আগে বিএনপি নেতা গ্রেপ্তার, অসুস্থ হয়ে হাসপাতালে

ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র
ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হককে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার খারেরা ইউনিয়নের দেলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি অসুস্থ হয়ে পড়লে পুলিশি পাহারায় তাঁকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়।

থানা-পুলিশ জানিয়েছে, শরীফুল হকের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। তাঁকে গ্রেপ্তারের সময় তাঁর কাছে একটি পিস্তল পাওয়া যায়।
দলের নেতা-কর্মীরা বলেন, ৬ মে খারেরা ইউনিয়নের দেলী পাতাইসার উচ্চবিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সাধারণ সম্পাদক পদে শরীফুল ছাড়া কেউ এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। সম্মেলনের দিন বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। শরীফুল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ছিলেন। তিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হকের ছেলে।
নেতা-কর্মীরা আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে দেলী পাতাইসার উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে বের হওয়ার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তিনি অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাঁকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশি পাহারায় তাঁকে ঢাকায় পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আজিজ আল মান্না বলেন, শরীফুল হক হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
শরীফুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির নেতা-কর্মীদের ওপর জুলুম চালাতে সরকার বেপরোয়া হয়ে উঠেছে। সেই জুলুমের ধারাবাহিকতায় শরীফুল হককে গ্রেপ্তার করা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, শরীফুল হকের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তার করার সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল পাওয়া গেছে। অস্ত্র আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।