
চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরের মাটি কাটা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ শাহাব উদ্দিন (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার সকাল নয়টার দিকে উপজেলার কাথারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইদায়রীপাড়ায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত শাহাব উদ্দিন মাইদায়রীপাড়ার মোহাম্মদ এয়াকুব হোসেনের (৬২) ছেলে। শাহাব উদ্দিনের পরিবারের দাবি, এয়াকুব হোসেনের ভাই নুর হোসেনের এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। অভিযুক্ত নুর হোসেনও মাইদায়রীপাড়ার বাসিন্দা। হামলার ঘটনায় এয়াকুব হোসেনসহ তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এয়াকুবের পরিবারের সঙ্গে নুর হোসেনের পরিবারের দ্বন্দ্ব চলে আসছে। আজ সকালে বিরোধপূর্ণ পুকুর থেকে মাটি কাটা নিয়ে দুই পরিবারের লোকজন বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় নুর হোসেনের হামলায় আহত হন শাহাব উদ্দিন। পরে শাহাব উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে নুর হোসেন পলাতক। তাই অভিযোগের বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, মাটি কাটা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শাহাব উদ্দিন নামের ওই যুবক নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দীর্ঘদিন ধরে শাহাব উদ্দিনের পরিবারের সঙ্গে নুর হোসেনের পরিবারের জমিসংক্রান্ত বিরোধ চলছে। অভিযুক্ত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।