নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল আরোহী পর্যটকেরা সেন্ট মার্টিনের দিয়ারমাথা এলাকা থেকে ছেঁড়াদিয়া যাচ্ছেন। গত বুধবার বিকালে
নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল আরোহী পর্যটকেরা সেন্ট মার্টিনের দিয়ারমাথা এলাকা থেকে ছেঁড়াদিয়া যাচ্ছেন। গত বুধবার বিকালে

সেন্ট মার্টিন

পর্যটকদের ছেঁড়াদিয়া ভ্রমণ ঠেকানো যাচ্ছে না, জীববৈচিত্র্য নিয়ে শঙ্কা

সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ প্রান্তের ছেঁড়াদিয়ায় পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ। তারপরও প্রতিদিনই সেখানে যাচ্ছেন পর্যটকেরা। পর্যটকদের কেউ হেঁটে, কেউ আবার ইজিবাইক (টমটম), মোটরসাইকেল ও বাইসাইকেলে করে দ্বীপের মাঝরদিয়া এলাকায় পৌঁছান, এরপর সেখান থেকে যান ছেঁড়াদিয়ায়।

পর্যটকদের এভাবে যাতায়াতের কারণে দ্বীপের বালুচরে থাকা লাল কাঁকড়া, শামুক ও ঝিনুক পিষ্ট হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রবাল, শৈবালসহ নানা ধরনের জীববৈচিত্র্য। পর্যটকদের নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের স্বেচ্ছাসেবীরা কাজ করলেও তাঁদের অল্পসংখ্যক জনবলের কারণে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।

কক্সবাজার শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিন দ্বীপের জেটিঘাটে ভেড়ে। জাহাজ থেকে নেমে জেটিতে পা রাখতেই কানে আসে পরিবেশ অধিদপ্তরের সতর্কতামূলক প্রচারণা। মাইকে বলা হয়, ‘সেন্ট মার্টিন দ্বীপ সংকটাপন্ন এলাকা। প্রবাল, শৈবাল, শামুক, ঝিনুক ও পাথর আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। সংকটাপন্ন ছেঁড়াদিয়ায় যাওয়া নিষেধ। সৈকতে হইচই ও প্লাস্টিক ফেলা নিষিদ্ধ। কাছিমের ডিম পাড়ার সুবিধার্থে রাতে আড্ডা জমাবেন না। কেয়াবনে ঢুকবেন না, ফল ছিঁড়বেন না। ইজিবাইক-টমটম নিয়ে বালুচরে নামবেন না। যেখানে-সেখানে প্লাস্টিক ও বর্জ্য ফেলবেন না। সাঁতার না জানলে পানিতে নামবেন না।’

সেন্ট মার্টিনে নেমেই পর্যটকেরা ছেঁড়াদিয়ার দিকে ছুটছেন। বাধা দিলে অনেকে মারমুখী আচরণ করেন। পর্যটকেরা প্লাস্টিকের বোতলের ভেতরে লুকিয়ে শামুক-ঝিনুক নিয়ে আসেন। প্রতিদিন এসব উদ্ধার করা হচ্ছে।
খন্দকার মাহমুদ পাশা, উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার

বঙ্গোপসাগরের বুকে প্রায় আট বর্গকিলোমিটার আয়তনের প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। ১৯৯৯ সালে দ্বীপটির জীববৈচিত্র্য, সামুদ্রিক প্রবাল ও কচ্ছপের প্রজননক্ষেত্র রক্ষায় পুরো দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে সরকার। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী, এ এলাকায় পরিবেশ ধ্বংসকারী কার্যক্রম নিষিদ্ধ। সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে সেন্ট মার্টিনসংলগ্ন বঙ্গোপসাগরের ১ হাজার ৭৪৩ বর্গকিলোমিটার এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয়।

আইন অনুযায়ী, সেন্ট মার্টিনে প্রবাল-পাথর সংগ্রহ, কেয়াবন ধ্বংস, গাছ ও ফল কাটা এবং পরিবেশদূষণকারী বর্জ্য ফেলা নিষিদ্ধ। আইন অমান্য করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে।

আইন অনুযায়ী, সেন্ট মার্টিনে প্রবাল-পাথর সংগ্রহ, কেয়াবন ধ্বংস, গাছ ও ফল কাটা এবং পরিবেশদূষণকারী বর্জ্য ফেলা নিষিদ্ধ। আইন অমান্য করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে।

১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেয় সরকার। এ সময়ে প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটকের দ্বীপে যাতায়াত ও রাতযাপনের সুযোগ রাখা হয়েছে। তবে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয় ৫ নভেম্বর। বর্তমানে তিনটি জাহাজে প্রতিদিন গড়ে দুই হাজার পর্যটক দ্বীপে যাতায়াত করছেন।

পর্যটকদের জন্য সরকারের ১২ দফা নির্দেশনা রয়েছে। এসব নির্দেশনায় দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিন্তু মাঠপর্যায়ে সেগুলোর যথাযথ বাস্তবায়ন না হওয়ায় পরিবেশ ও প্রতিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

যেভাবে ছেঁড়াদিয়া যাচ্ছেন পর্যটকেরা

সম্প্রতি দ্বীপে গিয়ে দেখা যায়, পর্যটকদের অনেকে জাহাজ থেকে নেমে সরাসরি হোটেল ও রিসোর্টে যাচ্ছেন। কেউ ইজিবাইক-টমটমে ছুটছেন পশ্চিম সৈকতে। কেউ রেস্তোরাঁয় দুপুরের খাবার সেরে ঘুরছেন পূর্ব ও উত্তর সৈকতে। রাতে হোটেল-রিসোর্টে থাকা পর্যটকদের একটি অংশ সকালে ইজিবাইক, ভাড়ায় নেওয়া মোটরসাইকেল ও বাইসাইকেলে করে ছুটছেন দ্বীপের দক্ষিণাংশের দিয়ারমাথা সৈকতে। সেখান থেকে কেউ হেঁটে, আবার কেউ টমটম, মোটরসাইকেল ও বাইসাইকেলে করে মাঝরদিয়া হয়ে ছেঁড়াদিয়ায় যাচ্ছেন।

গত বৃহস্পতিবার সকালে দিয়ারমাথা সৈকতে গিয়ে দেখা যায়, পরিবেশ অধিদপ্তরের চারজন স্বেচ্ছাসেবী অবস্থান করে পর্যটকদের ছেঁড়াদিয়ায় যেতে নিষেধ করছেন। সৈকতের প্রায় আধা কিলোমিটার অংশে লাল নিশানও টানানো হয়েছে। কিন্তু অনেক পর্যটক এসব নির্দেশনা মানছেন না।

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ সৈকতে চলাচল করছে ইজিবাইক। গত বুধবার তোলা

ছেঁড়াদিয়ায় যাওয়ার পথে চার তরুণকে থামান পরিবেশকর্মীরা। তাঁদের আইন মেনে চলার অনুরোধ জানানো হয়। তাঁদের একজন ঢাকার মিরপুরের রাশেদুল ইসলাম। তিনি এ সময় বলেন, ‘আমরা তো ঘুরতে এসেছি। ছেঁড়াদিয়া না দেখলে ভ্রমণ কি পূর্ণ হয়?’

দলের আরেক সদস্য সালমান বলেন, দ্বীপের বিভিন্ন জায়গায় অনেককে প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেট ফেলতে দেখেছেন। কেউ তাঁদের বাধা দিচ্ছেন না। কিন্তু ছেঁড়াদিয়ায় যেতে গেলেই নানা বিধিনিষেধের মুখে পড়তে হচ্ছে।

জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের স্বেচ্ছাসেবকদের সুপারভাইজার আবদুল আজিজ বলেন, প্রতিদিন প্রায় দুই হাজার পর্যটক দ্বীপে আসেন। তাঁদের অর্ধেকই রাত যাপন করেন। দুই শতাধিক রিসোর্টে থাকা পর্যটকদের একটি অংশ সকালে ঘুম থেকে উঠে টমটম ও মোটরসাইকেল নিয়ে ছেঁড়াদিয়ার দিকে ছুটছেন। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তাঁদের থামানো যাচ্ছে না।

আবদুল আজিজ আরও বলেন, পরিবেশ অধিদপ্তরের ১০ জন স্বেচ্ছাসেবী জীববৈচিত্র্য সংরক্ষণ ও পর্যটক নিয়ন্ত্রণে কাজ করছেন। তাঁদের মধ্যে চারজন জেটিতে, চারজন দিয়ারমাথায় এবং দুজন দ্বীপের পূর্ব সৈকতে দায়িত্ব পালন করছেন। কিন্তু এত কম জনবল দিয়ে বিপুলসংখ্যক পর্যটককে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা প্রথম আলোকে বলেন, সেন্ট মার্টিনে নেমেই পর্যটকেরা ছেঁড়াদিয়ার দিকে ছুটছেন। বাধা দিলে অনেকে মারমুখী আচরণ করেন। পর্যটকেরা প্লাস্টিকের বোতলের ভেতরে লুকিয়ে শামুক-ঝিনুক নিয়ে আসেন। প্রতিদিন এসব উদ্ধার করা হচ্ছে। তবে জরিমানা করা যাচ্ছে না। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগসহ সার্বিক বিষয়ে জেলা প্রশাসক ও কোস্টগার্ড কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে।

খন্দকার মাহমুদ পাশা বলেন, পর্যটকদের বেপরোয়া আচরণ ও নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে তাঁরাও উদ্বিগ্ন। দ্বীপের কিছু রিসোর্ট ও কটেজের মালিক ময়লা-আবর্জনা সংরক্ষণ না করে সরাসরি সাগরের পানিতে ফেলছেন। তাঁদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। কয়েকজনের কাছ থেকে লিখিত অঙ্গীকারও নেওয়া হয়েছে। তবে ইজিবাইকের চলাচল বন্ধ করতে গেলে বাধার মুখে পড়তে হচ্ছে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দ্বীপের বিভিন্ন এলাকায় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ২৩০টির বেশি হোটেল, রিসোর্ট ও কটেজ গড়ে উঠেছে। এসব স্থানে গভীর রাত পর্যন্ত জেনারেটরের বিকট শব্দ হয়। রাতের কৃত্রিম আলোর কারণে ডিম পাড়তে আসা সামুদ্রিক কাছিমের প্রজননও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দ্বীপটিতে প্রবাল, শৈবাল, কাছিম, শামুক, ঝিনুক, সামুদ্রিক মাছ, পাখি ও কাঁকড়াসহ ১ হাজার ৭৬ প্রজাতির জীববৈচিত্র্য রয়েছে। কিন্তু দ্বীপের বিভিন্ন স্থানে শতাধিক ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) ও মোটরসাইকেলের চলাচল বেড়েছে। এসব যানবাহনের চাকায় পিষ্ট হয়ে বালুচরের লাল কাঁকড়া, শামুক ও ঝিনুক মারা যাচ্ছে।

১২ নির্দেশনা উপেক্ষা

২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত সীমিত করে। তখন জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতযাপনের সুযোগ থাকলেও নভেম্বরে দিনে গিয়ে দিনে ফিরে আসতে হতো পর্যটকদের। দ্বীপে যেতে পারতেন সর্বোচ্চ দুই হাজার পর্যটক। গত দুই মৌসুমে ২ লাখ ৩৭ হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেন, যা আগের তুলনায় অর্ধেকের কম। পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় দ্বীপের পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছিল বলে দাবি পরিবেশকর্মীদের।

টানা ৯ মাস পর্যটক যাতায়াত বন্ধ থাকার পর চলতি মৌসুমে ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটকের যাতায়াত ও রাতযাপনের সুযোগ দেওয়া হয়েছে। তবে পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বেপরোয়া চলাচল এবং তদারকির ঘাটতিতে সরকারের নির্দেশনা বাস্তবায়ন চ্যালেঞ্জের মুখে পড়েছে।

পরিবেশবিষয়ক সংগঠন ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) কক্সবাজারের প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল বলেন, ৯ মাস পর্যটক যাতায়াত বন্ধ থাকায় সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছিল। এখন পর্যটকদের উপচে পড়া ভিড় এবং বিধিনিষেধ যথাযথভাবে কার্যকর না হলে দুই মৌসুমে সৃষ্ট প্যারাবন, কেয়াবন ও প্রবাল-শৈবাল ধ্বংস হয়ে যাবে।

সেন্ট মার্টিনের সাবেক দুই ইউপি চেয়ারম্যান নুর আহমদ ও মুজিবুর রহমান বলেন, ঝড় ও জলোচ্ছ্বাস থেকে দ্বীপকে রক্ষার প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে কেয়াবন ও নারকেলগাছ। এখন সেগুলোর অস্তিত্ব হুমকির মুখে। কেয়াবন ধ্বংস হওয়ায় সৈকতের বালিয়াড়ি ধসে পড়ছে ও নারকেলগাছ উপড়ে পড়ছে।

পর্যটকদের ছেঁড়াদিয়া যাওয়া ঠেকাতে দিয়ারমাথা এলাকায় রশি দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। টাঙানো হয়েছে লাল পতাকা। তবু পর্যটকেরা এসব অতিক্রম করে ছেঁড়াদিয়া যাচ্ছেন। গত বুধবার তোলা

সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজমালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বলেন, সরকারের ১২ দফা নির্দেশনা মেনে চলতে পর্যটকদের জাহাজে ওঠানো ও নামানোর সময় সতর্ক করা হয়। তবে সেন্ট মার্টিন দ্বীপেও বিধিনিষেধ কঠোরভাবে প্রয়োগ করা প্রয়োজন।

সরকারের ১২ দফা নির্দেশনায় দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি ও বারবিকিউ পার্টি নিষিদ্ধ। কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা কেনাবেচা এবং সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক-ঝিনুকসহ অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না। সৈকতে মোটরসাইকেল, বিচবাইকসহ কোনো ধরনের মোটরচালিত যানবাহন চলাচল করতে পারবে না। ছেঁড়াদ্বীপে যাতায়াতও নিষিদ্ধ। এ ছাড়া পলিথিন বহন করা যাবে না। একবার ব্যবহার্য প্লাস্টিকের পণ্য—যেমন চিপসের প্যাকেট, প্লাস্টিকের চামচ, স্ট্র, সাবান ও শ্যাম্পুর মিনিপ্যাক এবং ৫০০ ও এক হাজার মিলিলিটারের প্লাস্টিকের বোতল বহন নিরুৎসাহিত করা হয়েছে।

সার্বিক পরিস্থিতি নিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা ১২টি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পর্যটকদের গতিবিধি নিয়মিত নজরদারিতে রাখা হচ্ছে। ছেঁড়াদিয়ায় যাতে কোনো পর্যটক প্রবেশ করতে না পারেন, সে জন্য আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।