নতুন পোশাক পরে ঈদের নামাজ, বিশেষ খাবার ও আনন্দ-বিনোদনের মধ্য দিয়ে ঈদ উদ্যাপন করেছেন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বন্দীরা। কাশিমপুরের চারটি কারাগারে আলাদাভাবে ঈদ উদ্যাপিত হয়েছে। এখানে নারীদের ১টি ছাড়া বাকি ৩ কারাগারে ৩০টি ঈদের জামাত হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানায়, প্রতিবছরের মতো এবারও বন্দীদের বিশেষ খাবারের আয়োজন করা হয়। কারাগারে নিজস্ব ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্দীদের নতুন পোশাক সরবরাহ করা হয়েছে। ঈদের দিন অনেক বন্দীর স্বজনেরা সকাল থেকে কারাগারে আসেন। ঈদের বিশেষ আয়োজন করা হলেও স্বজনেরা তাঁদের রান্না করা খাবার দিতে চান। তাই তাঁদেরও নিরাশ করা হয়নি। বন্দীদের সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ করতে দেওয়া হয়েছে। পাশাপাশি বন্দীদের অংশগ্রহণে বিনোদনের আয়োজনও করা হয়।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ সুপার সুব্রত কুমার বালা প্রথম আলোকে বলেন, ঈদের দিনে সব কারাগারে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। এর মধ্যে সকালে ছিল মুড়ি-পায়েস। দুপুরে দেওয়া হয়েছে গরু ও খাসির মাংস, পোলাও, সালাদ, মিষ্টি, কোমল পানীয় ও পান-সুপারি। রাতে দেওয়া হবে ভাত, সঙ্গে রুই মাছ ও মুড়িঘন্ট।
রাজধানীর ডেমরা এলাকার বাসিন্দা মরিয়ম বেগম তাঁর স্বামীর সঙ্গে দেখা করতে কাশিমপুর এসেছিলেন। তিনি বলেন, মাদক বেচাকেনার মামলায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। তিন মাস ধরে বন্দী আছেন। ঈদের দিন সকালে বাড়িতে রান্না করে স্বামীর জন্য খাবার নিয়ে এসেছেন। মরিয়ম বলেন, ‘আগে দেখা করে স্বামীকে বলে গিয়েছিলাম, ঈদের দিন দেখা করতে আসব। তাই আজ এসেছি।’
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ঈদের নামাজের ২১টি জামাত অনুষ্ঠিত হয়েছে। এ কারাগারে ২ হাজার ৪৮৩ জন বন্দী আছেন। তাঁদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দীরা রয়েছেন এই কারাগারে। ঈদ উপলক্ষে কারাগারের শতাধিক বন্দীকে নতুন লুঙ্গি উপহার দেওয়া হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ বন্দীদের জন্য তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানান জেল সুপার শাহজাহান আহমেদ। তিনি আরও জানান, এ কারাগারে ফাঁসি ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ১ হাজার ২৪০ বন্দী আছেন। ঈদ উপলক্ষে শতাধিক দরিদ্র বন্দীর মধ্যে লুঙ্গি বিতরণ করা হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার আমিরুল ইসলাম জানান, বন্দীদের জন্য ঈদের নামাজের ৬টি জামাত অনুষ্ঠিত হয়েছে। এ কারাগারে বন্দীর সংখ্যা ২ হাজার ২৩০। তাঁদের মধ্যে শতাধিক ফাঁসির দণ্ডপ্রাপ্ত। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দী চার শতাধিক। এ কারাগারেও শতাধিক দরিদ্র বন্দীকে লুঙ্গি দেওয়া হয়েছে।
মহিলা কারাগারে নারী বন্দীদের জন্য ঈদের জামাত অনুষ্ঠিত না হলেও নিজেরা নিজেদের মতো করে নামাজ আদায় করেছেন। কারাগারে (ডে-কেয়ার সেন্টারে) মা-বন্দীদের সঙ্গে আসা শিশুরা রয়েছে। বন্দীদের অংশগ্রহণে ঈদ আনন্দ ও বিভিন্ন বিনোদনের আয়োজন করা হয়। এখানে প্রায় সাড়ে ৫০০ বন্দী রয়েছেন। ওই কারাগারের দরিদ্র বন্দী ও শিশুদের নতুন জামা উপহার দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, দুপুরের পর থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে স্বজনেরা ভিড় করছেন। প্রধান ফটের দায়িত্বে থাকা কারারক্ষীরা তাঁদের সঙ্গে আনা ব্যাগ তল্লাশি করছেন। এরপর নাম খাতায় লিপিবদ্ধ করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
কারা কর্মকর্তা বলেছেন, ভেতরে বিশেষ ব্যবস্থা থাকলেও স্বজনেরা যেহেতু খাবারদাবার নিয়ে এসেছেন, তাই তাঁদের ফিরিয়ে দেওয়া হয়নি। তাঁদের সাক্ষাতের সুযোগ করে দেওয়া হয়েছে।
কারাগারের প্রধান ফটকের সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন পঞ্চাশোর্ধ্ব আবদুল জলিল মিয়া। মিরপুর থানার একটি হত্যা মামলা দেড় বছর ধরে তাঁর ছেলে বন্দী। আবদুল জলিল বলেন, ‘ছেলের জন্য তার মা পোলও-মাংস রান্না করে দিয়েছে। সেই খাবার দিতে এসেছি।’
গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, কারাগারের সবাইকে দেওয়া সম্ভব হয়নি। তবে দরিদ্র ২০০ জন বন্দীকে জামাকাপড় দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে আরও ৩০০ জনকে ঈদের পোশাক উপহার দেওয়া হয়েছে।