‘এখন আর পাখি ধরিও না, বেচিও না’

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মুর্শিবাদকুরা গ্রামের বাসিন্দা রাজু আহমদ আগে পাখি শিকার করে বিক্রি করতেন
ছবি: প্রথম আলো

কয়েক বছর আগেও এলাকায় রাজুর পরিচিতি ছিল, ‘শিকারি’। পাখি শিকারে তাঁর পাকা হাত ছিল। এ কারণেই এ পরিচিতি তাঁর। পাখি শিকার করে খাঁচায় ভরে পুষতেন তিনি। আবার চড়া দামে বিক্রিও করতেন। একপর্যায়ে স্থানীয় এক বনপ্রহরীর সঙ্গে তাঁর সখ্যতা গড়ে ওঠে। আর এই বনপ্রহরীর পরামর্শেই পাখি শিকার ছেড়ে দেন তিনি। বিকল্প আয়ের পথ খুঁজে নেন। এখন সময় পেলে পাখি শিকার বন্ধে এলাকায় ঘুরে ঘুরে প্রচারণা চালান। আশপাশে কোথাও পাখি শিকার বা নিধনের ঘটনার খবর পেলেই সেখানে ছুটে যান। মানুষকে এ ধরনের কাজ থেকে সরে আসতে বোঝান।

রাজু আহমদের (২৪) বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মুর্শিবাদকুরা গ্রামে। ১২ জুলাই বিকেলে জুড়ী উপজেলার পশ্চিম বাছিরপুর এলাকায় একটি বাড়ির ছাদে মশারি টানিয়ে ফাঁদ তৈরি করে কয়েকটি চড়ুইপাখি ধরে নিধন করা হয়। খবর পেয়ে বন্য প্রাণী বিভাগের লোকজনের সঙ্গে সেখানে ছুটে যান রাজুও। সেখানেই তাঁর সঙ্গে দেখা হয় এ প্রতিবেদকের।

আলাপচারিতায় রাজু জানালেন, তাঁদের বাড়ির পাশেই হাকালুকি হাওর। এলাকায় মৎস্যজীবীদের সংখ্যাই বেশি। তাঁদের কাছ থেকে মাছ কিনে স্থানীয় কানুনগো বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি।

ফেলে আসা ‘শিকারি’ জীবন প্রসঙ্গে রাজু বললেন, খুব খারাপ কাজে জীবনের একটা সময় কেটেছে। নানা জাতের পাখি ধরতেন তিনি। হাওরে সারা বছরই পাখি থাকে। শীতের সময় পরিযায়ী পাখিরা বেশি আসে। ডাহুক, কালিম, ময়না, কুড়া, শালিক সব পাখিই ধরতেন। পাখি ধরে খাঁচায় রাখতেন, পুষতেন। অনেকে এসে তাঁর কাছ থেকে পাখি কিনত। এভাবে অনেক টাকা আয় করতেন।

রাজু বলেন, ‘শীতের সময় সরকারি অফিসার, ধনী মানুষ প্রায় হাওরো বেড়াইতে আইয়া আমার খোঁজ করতা। খাইবার লাগি, পুষার লাগি অনেকে পাখি চাইতা। তাঁরারে ব্যবস্থা করি দিতাম।’

২০২০ সালের দিকে হাকালুকি হাওরের স্থানীয় হাল্লা বিটে বনপ্রহরী পদে যোগদান করেন মোতাহার হোসেন। এলাকাবাসীর কাছ থেকে তিনি রাজুর সম্পর্কে জানতে পারেন। এরপর রাজুকে ওই পথ থেকে ফেরানোর পরিকল্পনা নেন তিনি। রাজু তাঁকে দেখলেই ভয়ে এড়িয়ে চলতেন। এভাবে কিছুদিন কাটে। এক সময় দুজনের দেখা হয়, কথা হয়। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকে।

রাজু বললেন, ‘মোতাহার স্যারে আমার জীবন পাল্টাই দিছইন। তাইন বুঝাইলা, পাখি শিকার অন্যায়, অপরাধ। হাতেনাতে ধরা খাইলে মামলা-জেল হইব। অনেক চিন্তা করি দেখলাম, আসলেই এইটা খারাপ কাম। তারপর এইটা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিলাম। এক দিন নিজেই খাঁচা থাকি সব পাখি বাইর করি ছাড়ি দিলাম। তারা মুক্ত হইল। কী খুশি লাগল তখন। দাঁড়াই দাঁড়াই দেখলাম। এরপর থাকি আর পাখি ধরিও না, বেচিও না। এই জীবন ছাড়ি ফিরিয়া আইলাম।’ এ কথা বলতে বলতে রাজুর চোখ ভিজে ওঠে। হাত দিয়ে চোখ মুছতে মুছতে রাজু বললেন, ‘এখন কেউ পাখি ধরলে গিয়া বাধা দেই, বুঝাই। কেউ মানে, কেউ মানে না।’

বনপ্রহরী মোতাহার হোসেন বললেন, ‘রাজু এখন আমাদের সহকর্মীদের মতোই। পাখি শিকারের জন্য বন্দুক নিয়ে কেউ হাওরে ঘোরাঘুরি করলে সবার আগে রাজুই খবর দেন। তাঁর মতো অন্যরা পাল্টে গেলে হাওর এলাকায় পাখিসহ অন্যান্য বন্য প্রাণীদের আবাস নিরাপদ থাকত।’